Thursday, April 19, 2018

আমার ছোটকা



আমার ছোটকা থাকত দোতলার ঘরে। একতলায় কোনদিন নামতে দেখিনি। শুনেছি কলেজে পড়তে ছোটকা নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ে। পুলিশের মারে ছোটকা ঠিক মত কথা বলতেও পারত না। উঠে দাঁড়াতেও পারত না। ঠাম্মা যখন খাওয়াতে যেতেন, কোনরকমে বিছানায় ভর দিয়ে উঠে বসে খেত। তবে মাঝে মাঝে একটু একটু করে উঠে জানালার ধারে চেয়ারটায় গিয়ে বসত। বসে চুপচাপ বাইরে তাকিয়ে থাকত। ওহ, বলতে ভুলেই গেছি। ছোটকা কোন জামাকাপড় পরত না। সারা বছর উলংগ থাকত। আমাদের জেলা শহরে কিন্তু হালকা ঠান্ডা পড়ত। জানি না ছোটকার ঠান্ডা লাগত কিনা। আমি যখন বড় হচ্ছি, তখন ছোটকার ঘরে যেতে অস্বস্তি লাগত। সত্যি বলছি, এক এক সময় তো ভয়ই লাগত। শুনেছি ছোটকা নাকি পড়াশুনায় খুব ভালো ছিল। স্কুলে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিল। কলেজে ফিজিক্স নিয়ে পড়ত। ঠাম্মা তো মাঝে মাঝেই বলে -- "তিন ছেলের মধ্যে ছোটটাই সবচেয়ে বুদ্ধিমান। কি যে হল!!"

আমাদের পাড়াটা কেমন যেন। সবাই যেন ক্লান্ত, সবাই যেন ধুঁকছে। কারুর কোন শখ আলহাদ বলে কিছু নেই, সবাই যেন সারাদিন নালিশ করে চলেছে। পাড়ায় কারুর সঙ্গে কারুর সদ্ভাব নেই। কোন পুজোও হয়না। সবার কাছে সবাই খারাপ। কারুর দেমাক বেশি, কেউ বা হিংসা করে, কেউই যেন ভালো না। আমরা বন্ধুরা অবশ্য এসব ভাবতাম না। পাড়ায় মাঠ বলে কিছু ছিল না। ঐ পাম্প হাউসের পাশে ছোট এক ফালি জমি। তাতেই আমরা ক্রিকেট খেলতাম। ছয় মারলেই আউট।

আমাদের খেলা নিয়েও বড়দের সমস্যার শেষ নেই।
"পল্টুর বাবাকে দেখ, একটা ব্যাট কিনে দেওয়ার সামর্থ্য নেই, তোর ব্যাট দিয়ে খেলে।"
"ওহ তুই সন্তুর সঙ্গে খেলিস? ওর মা তোদের সাথে ওকে খেলতে দেয়? যা দেমাক।"

কার ভালো লাগে এসব শুনতে? কিন্তু বিশ্বাস করুন, আমাদের সবার বাড়িতে এই চলত। আমরা ভেবে দেখলাম এসবে পাত্তা দিলে ক্ষতি আমাদের। তাই, প্রত্যেকেই নিজের বাড়ির লোকজনের চেয়ে বন্ধুদের আপন মনে করলাম। শুধু আক্ষেপ একটাই। একটা ভালো মাঠ পেলে আজহারের মত ছয় মারতাম।

একদিন আমাদের পাড়ার কাউন্সিলার বদরুদ্দিনবাবু আমাদের বাড়িতে এলেন। আমাদের বাড়ির সামনেই একটা জলা জমি ছিল। সেটাকে বুজিয়ে একটা মাঠ বানাবেন। এই একটা ব্যাপারে পাড়ার সবাই দেখলাম রাজি। মাঠ হল। আমরাও খুশি। প্রথমদিন আমাদের সবাইকে ডেকে ম্যাচ খেলালেন বদরুবাবু। খেলার পর জলখাবার ছিল। সিংগারা, মন্ডা আর দরবেশ। আমি স্কুলের মাঠে হাত ঘুরিয়ে বল করতাম। পাড়ায় এতদিন করতে পারিনি। আজ করলাম। পর পর দু'বলে দুটো উইকেটও নিলাম। বদরুবাবু বাইরে থেকে হাততালি দিলেন --
"কানু তো এ পাড়ার কপিল।"

খেলতে খেলতে খেয়াল করলাম ছোটকা জানালা দিয়ে আমাকে দেখছে। পরেরদিন সকালে ঠাম্মা বলল ছোটকা নাকি আমাকে দেখতে চেয়েছে। গেলাম। ছোটকা জড়ানো জিভে বলল -- "তুই বল করিস? আমি বল করি।"

বুঝলাম ছোটকা বলতে চাইছে নিজে বল করত এক সময়। এর পর কোথা থেকে একটা ক্রিকেট বল নিয়ে আমাকে দেখাল বলের গ্রিপ। ছোটকার হাত কাঁপছিল। আমি বললাম -- "আমরা তো ক্যাম্বিস বলে খেলি ছোটকা?"
"তো কি ? এই বল, তোর বল।"

এরপর আমি আর ছোটকাকে দেখে ভয় পেতাম না। ছোটকা জামাকাপড় পরত না বলে অস্বস্তিটা ছিল, কিন্তু সেটাও আস্তে আস্তে চলে যেতে লাগল। রোজ খেলে এসে বাড়িতে ছোটকার সঙ্গে আমার গল্প চলত। আমিই বলতাম, ছোটকা মাঝে মাঝে এক-দু' টো শব্দ বলত। ছোটকার ঐ ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ আমি সহজেই বুঝে যেতাম। মাঝে মাঝে ঠাম্মাও ছোটকার কথা বুঝত না, আমি বুঝিয়ে দিতাম।

একদিন ছোটকা আমার পড়াশুনা নিয়ে জানতে চাইল। আমি তখনো মন দিয়ে পড়াশুনা করতাম না। আমাদের পাড়াতে কেউই করে না। সবাই কোনরকমে কলেজ পাশ করে রেল বা ব্যাঙ্কের পরীক্ষা দিতে থাকে। দিতে দিতে একদিন না একদিন পেয়েই যায়। আমিও সেরকম ভেবে রেখেছিলাম।

"তুই পড়বি না?"

ছোটকার এই একটা কথা আমাকে মোচর দিয়েছিল। ভেবেছিলাম কি করি? একদিন ঠিক করলাম না, আমি ডাক্তার হব। ছোটকাকে সারিয়ে তুলতে হবে। ছোটকা কে জানাতেই ভীষণ খুশি। তারপর রোজ সন্ধ্যেবেলা আমার বিজ্ঞান আর অঙ্ক দেখতে লাগল ছোটকা। হাত কাঁপত, কথা পরিষ্কার আসত না, তাও ছোটকা খেয়াল রাখত আমি সব বুঝছি কিনা। "মুখস না, বোঝ।" -- মানে না বুঝে মুখস্ত করিস না। শুধু রসায়ন ল্যাবে এসিড নিয়ে কাজ করি শুনে ছোটকা যেন শিউড়ে উঠত। "সাবয়ানে"।

মা তো অবাক হয়ে যেত আমি এত ছোটকার ঘরে যাই দেখে। ঠাম্মা বোঝায়, যাক না, ক্ষতি কি। আর সত্যি বলতে আমার পড়াশুনা নিয়ে মা-বাবা কারুরই খুব একটা মাথা ব্যাথা ছিল না। বাড়ির ঐ দুঃসহ পরিবেশে ছোটকাই যেন ছিল আমার মরুদ্যান। মনে আছে তখন আমি ক্লাস ইলেভেনে। ছোটকা আমার জন্মদিনের দিন আমাকে একটা বই উপহার দিল। নিজের পুরোনো বই। আরণ্যক। আমাকে বলল -- "পড়িস, আমার সেরা।"

আমি যখন মেডিকাল কলেজে পড়ার অনুমতি পেলাম, বাবা অত্যন্ত বিস্মিত। আমি যে ডাক্তারি পড়ব, এরকম কথা বাড়িতে ছোটকাকা ছাড়া কেউ জানত না। মনে আছে যেদিন আমি কলকাতা গিয়েছিলাম প্রথমবার। ছোটকা হাত ধরে রেখেছিল বেশ কিছুক্ষণ।

আমার মেডিকাল পড়ার দ্বিতীয় বছরেই ছোটকা মারা যায়। আমার কথা নাকি সারাদিন বলত ঠাম্মাকে। শনি-রবিবার আমি বাড়ি এলে সারাদিন ছোটকার কাছেই কাটাতে হত। আমি শেষদিন হাসপাতালে থাকতে পারিনি। পরে শুনেছি আমার অভাবে নাকি ছোটকা মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। তবে জীবনের শেষদিন পর্যন্ত ছোটকাকে কেউ জামাকাপড় পরাতে পারেনি।

মাঝে মাঝে মনে হয় আমি হেরে গেছি। যে ছোটকাকে সারিয়ে তোলার জন্য আমি ডাক্তার হতে চেয়েছিলাম, সেই তো আর নেই। অবশ্য ভাবি, আমি ডাক্তার হই এটাই তো ছোটকা চেয়েছিল। আমার ঐ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বছরে ছোটকাই তো আমার পাশে থেকেছে, আমাকে তৈরি করেছে। আমি হারিনি, ছোটকা জিতেছে।

Tuesday, March 20, 2018

চিকেন কবিরাজি

আজ শম্পাদির বিয়ে। গত দু'দিন আমাদের খেলা বন্ধ। পাড়ায় একটাই মাঠ। সেখানেই বিয়েবাড়ি হয়। তাই সে ক'দিন আমাদের খেলা বন্ধ থাকে। এতে অবশ্য আমরা কিছু মনে করিনা। কারণ আমরা কেউ খুব একটা বাইরে খাই না। মানে চপ, রোল, এসব খাই। কিন্তু ঐ বিয়েবাড়ির খাওয়া, মানে বাড়ির বাইরে রাতের খাওয়া -- না ওসব  হয়না আমাদের। তাই একটা বিয়েবাড়ি এলে আমরা সবাই খুশি। যদিও বিলুরা খেলা বন্ধ হয়ে যাওয়ায় খুশি না। তাপসদের বাড়ির সামনে যে এক ফালি জমি, সেখানেই ওরা চার-পাঁচজন মিলে ক্রিকেট খেলছে। আমরা, মানে আমি, সত্যেন, চন্দন, সুগত, রানা, আমরা যাই না। আমার আবার অন্য ব্যবস্থা আছে। ছোট থেকেই ক্যারামটা ভালো খেলি বলে এই সময় পাড়ার ক্লাবঘরে প্রবেশ করার অনুমতি পাই। রাজুদা, দেবুদা, শুভদারা আমায় খুবই ভালোবাসে। নিজেকে যেন কি'রম বড় বড় মনে হয়। মানে আমার বয়সী বাকিরা তো ক্লাবে ঢুকতে পারে না।

কোথা থেকে কোথায় চলে গেলাম। কথা হচ্ছিল আজকের বিয়েবাড়ি নিয়ে। আজকের বিয়েবাড়ির মূল আকর্ষণ সুরুচি ক্যাটারার। আমাদের এই ছোট জেলা শহরের প্রথম ক্যাটারার। শুনেছি কলকাতায় নাকি এখন সব বিয়েবাড়িতেই ক্যাটারার চলে। তবে কলকাতা বড় শহর, সাড়ে তিন ঘন্টা লাগে ট্রেনে। আমাদের এখানে এটাই প্রথম। বছর দুয়েক হল খুলেছে। আর আমাদের পাড়ায় এই প্রথম আসছে সুরুচি ক্যাটারার। এই দু' বছরেই কিন্তু বেশ নাম করে ফেলেছে। সবচেয়ে জনপ্রিয় হল ওদের চিকেন কবিরাজি। এই জিনিসটা আমদের জেলা শহরে কেউ খায়নি আগে। সুরুচি নাকি কলকাতা থেকে পাচক আনিয়েছে। মিঠাপুকুরের শ্যামল, আমার স্কুলের বন্ধু,  প্রথম এই দ্রব্যের কথা জানায় আমাদের। ওদের পাড়ায় কার বিয়েতে নাকি সুরুচি এসেছিল। এই চিকেন কবিরাজি করেছিল।

"সে কি খেতে রে!! মাংস, তার উপরে কিরকম যেন ভাজা চাউমিনের মত।"
"ভাজা চাউমিন? ধুর সে তো আমাদের সন্ধ্যা স্ন্যাক্স সেন্টারেই পাওয়া যায়।"
"আরে না রে, এটা সে জিনিস না। বলে বোঝাতে পারব না। খেলে বুঝবি।"
"এটা আর কেউ বানায় না?"
"না রে যা শুনেছি এটা আমাদের শহরে শুধু সুরুচি বানায়।"

বাড়ি ফিরে রাজুদাকে বলেছিলাম। ক'দিন বাদে রাজুদা জানাল কলকাতায় নাকি হামেশাই পাওয়া যায়।

"তুমি খেয়েছ?"
"না রে।"
"আমাকে খাওয়াবে একদিন?"
"হ্যাঁ, কিন্তু তার জন্য তো কলকাতা যেতে হবে।"
"ধুর, সে তো অনেক দূর।"
"দাঁড়া, একটা চাকরি পাই। একদিন তুই আর আমি মিলে কলকাতায় গিয়ে খেয়ে আসব।"

তো আজ শম্পাদির বিয়েতে সেই সুরুচি আসছে। অবশ্যই থাকছে চিকেন কবিরাজি। শম্পাদির বাবা ঘোষজেঠু নাকি নিজে বলেছেন সুগতর বাবাকে। বিকেলবেলা বসে বসে আনন্দমেলায় "পান্ডব গোয়েন্দা" পড়ছি। একটু বাদেই বেরোতে হবে। মা খানিকক্ষণ আগে ডেকে গেল -- "দিদার দেওয়া পাঞ্জাবীটা পরিস। আলমারি থেকে বার করে রেখেছি।" এই সময় বাইরে আমার নাম ধরে কে যেন ডাকল। দেখি রাজুদা।

"কানু, আছিস। বাঁচা গেল। শোন, খুব বিপদ ঘোষজেঠুর।"
"কি হল?"
"আর বলিস না, সুরুচির কি একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে। ওদের ২-৩ জন আহত। তাই ওরা সবাই হাসপাতালে গেছে। আসতে পারবে না। তবে ওরা পাচক ঠাকুর আর তাঁর সাগরেদদের পাঠিয়ে দিয়েছে। এখন পরিবেশন করার লোক চাই। তো আমরা ক্লাবের ছেলেরাই করছি। কিন্তু আমাদেরও কেউ কেউ নেই আজ। তা তুই কি আসতে পারবি?"
"কেন পারব না। যাচ্ছি।"

মনে মনে ভয় পেলাম। কোনদিন তো করিনি। পারব? রাজুদারা তো বহু বছর করেছে। এতদিন তো ওরাই করত। এই প্রথম সুরুচিকে বলা হচ্ছে। চিকেন কবিরাজি ঠান্ডা হয়ে যাবে না তো? কিন্তু না বললে আবার প্রেস্টিজে লাগবে। এই এতদিন ক্লাবের দাদাদের সঙ্গে মিশি, নিজেকে বড় বড় ভাবি। নাহ, চলেই যাই।

দিদার পাঞ্জাবী পড়ে রইল। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।

ও বাবা, প্রথমেই চিকেন কবিরাজি। তবে আমি না, দেবুদা দিতে গেল। আমাকে বলল স্যালাড দিতে। একটা করে কবিরাজি পড়ছে, আর একটু করে স্যালাড দিচ্ছি আমি। সেনগুপ্তকাকু আমাকে দেখে অবাক হয়ে বললেন -- "ও বাবা, আমাদের কানুও আজকাল পরিবেশন করছে।"

মা, বাবা এসেছে দেখলাম। মাকে বেশ বড়দের মত বলে এলাম -- "তোমরা খেয়ে নাও। আমি দাদাদের সঙ্গে খাব।"

এই দেবুদাকে নিয়ে সমস্যা। লোককে যেচে বেশি বেশি করে কবিরাজি দিতে চাইছে। কেন বাবা!! শেষ হয়ে গেলে কে দেখবে? তখন তো আমাদেরই জুটবে না। বরং মাংসটা দিক না বেশি করে। আমাদের বাড়িতে প্রতি রবিবার মাংস হয়। তাই ওতে আমার লোভ নেই। এইসব ভাবছি এমন সময় শুভদার ডাক শুনলাম -- "কানু, লুচিগুলো নিয়ে আবার যা।"

যা ভয় পেয়েছিলাম। সব শেষে আমরা যখন খেতে বসলাম তখন পোলাও, মাংস আর রসগোল্লা ছাড়া কিছুই নেই। চোখ ফেটে জল এসে গেল। এত সাধের কবিরাজি, এক টুকরো পেলাম না। সব দোষ এই দেবুদার। রাজুদার পাশেই বসে খাচ্ছিলাম, একবার বললাম -- "কবিরাজি নেই না?"

"না রে, সবাই খুব ভালোবেসে  খেয়েছে ওটা।"
"ওহ।"
"তোর মন খারাপ হয়ে গেছে? ভাবিস না, আমি চাকরি পাই, তোকে কলকাতা থেকে এনে খাওয়াব।"
প্রচন্ড রাগের মাথায় বললাম
"তুমিও আর চাকরি পেয়েছ, আমারো আর কবিরাজি খাওয়া হয়েছে।"
রাজুদা দেখলাম চুপ করে গেল। পুরো সময়টা আর কথাই বলল না।

আমার গল্পটা এখানেই শেষ হয়ে যেত। মানে এরপর এই গল্পে আর কিছুই হয়না। আমি পরেরদিন স্কুলে গিয়ে শ্যমলকে মিথ্যা বলি -- "কবিরাজি খেলাম। ভালো। তবে তুই যত ভালো বলেছিলিস, তত ভালো না।"

ও হ্যাঁ, পরের এক সপ্তাহ দেবুদার সঙ্গে কথা বলতাম না। এমনি দু'দিন বাদেই মাঠ থেকে প্যান্ডেল উঠে গিয়েছিল। কাজেই ক্লাবে না গিয়ে আমি মাঠে যেতাম।

গল্পটা শেষ হলনা বিয়েবাড়ির দু'সপ্তাহ পরের একটা ঘটনার জন্য। একদিন মাঠ থেকে বাড়ি ফিরে দেখি ঘোষজেঠু বসে বাড়িতে। আমি যেতেই আমাকে বললেন

"কানু, তুই সেদিন আমার বিপদের দিনে যা করেছিস, আমি কোনদিন ভুলব না। তুই এইটুকু ছেলে হয়ে এত লোককে পরিবেশন করলি, ভাবাই যায় না। তোকে একটা প্রাইজ তো দিতেই হয়। দেখ তো, তোর পছন্দ হয় কিনা।"

মা হাসি মুখে ঘরে ঢুকল। হাতে প্লেট, তাতে দু' খানা চিকেন কবিরাজি, পাশে একটু সস।

আমি তখনো অবাক।

জেঠু আমার প্রশ্নের উত্তর দিলেন। বিয়ে মিটে যাওয়ার ক'দিন বাদে রাজুদা নাকি ওনার বাড়ি গিয়ে বলে আমার চিকেন কবিরাজি খাওয়া হয়নি। কিছুভাবে যদি এর ব্যবস্থা করা যায়, ভালো হয়। পরেরদিন সুরুচির মালিক হিসেব করতে ওনার বাড়ি আসে। উনি প্রথমেই জেঠুর কাছে ক্ষমা চান। জেঠু বলেন উনি ক্ষমা করতে পারেন। একটাই শর্তে। পরের যেদিন কোন বিয়েবাড়িতে সুরুচি খাদ্য পরিবেশন করবে, সেদিন দু'খানা চিকেন কবিরাজি ওনাকে দিতে হবে। মালিক এক কথায় রাজি।

আজ পাওয়ার হাউস পাড়ায় দত্তদের ছোট ছেলের বউভাত।





Friday, March 9, 2018

সহযাত্রী

সহযাত্রী
************
বুধবারের বিকেল। বর্ষাকাল। হাওড়া স্টেশনে থিকথিকে ভিড়। তার মধ্যে জায়গায় জায়গায় জল পড়ে যাচ্ছেতাই অবস্থা। একটা কিরকম যেন গুমোট দম বন্ধ করা ভাব।
সাত নম্বর প্ল্যাটফর্মে পাঁচটা তেইশের বর্ধমান কর্ড লোকাল দাঁড়িয়ে। জানালার ধারে একটা সিট পেয়েছেন অলকবাবু। খানিক্ষণ আগে, মানে ট্রেনে উঠে ভীষণ ঘামছিলেন। এখন অনেকটা ঠিক ঠাক। আস্তে আস্তে ট্রেন ভর্তি হয়ে গেল। তিনজনের সিটে কোথাও চারজন, কোথাও বা পাঁচজন বসে। একদম নিত্যযাত্রী তাস খেলতে লাগলেন।
লিলুয়াতে ট্রেনে এক চা-ওলা উঠল। গলা শুকিয়ে কাঠ। একটা চা দিতে বললেন অলকবাবু। উল্টোদিকের ভদ্রলোক-ও তাই বললেন। উনিও হাওড়া থেকেই উঠেছেন। বয়স হয়ত অলকবাবুর চেয়ে একটু বেশি হবে। কাঁচা-পাকা চুল, যদিও পাকার ভাগটাই বেশি। পরনে হাফ হাতা চেক শার্ট, খয়েরি প্যান্ট ও চটি। কোন ব্যাগ চোখে পড়ল না যদিও।
-- দাদা কতদূর?
ভদ্রলোক নিজেই আলাপ করতে এলেন।
-- আমি এই গুড়াপ। আপনি?
-- আমি... দেখি, মানে আমি বর্ধমান।
-- ও তা আপনি সুপার নিলেন না কেন? এর চেয়ে জলদি পৌঁছাতেন।
-- হ্যাঁ নিতেই পারতাম, ঐ আর কি। সুপার মানে গ্যালোপিং-টা তো?
-- হ্যাঁ।
-- তা আপনার অফিস কি কলকাতাতেই?
-- হ্যাঁ, আমি ধর্মতলার মঞ্জুষাতে বসি।
নিজের তৈরী উত্তর বললেন অলকবাবু।
-- ওহ, মঞ্জুষা। ওখানে একবার গিয়েছিলাম মনে হয়। আপনাকে কি দেখেছি? মনে নেই যদিও।
-- হয়ত অফ ডে ছিল।
এবারো তৈরী উত্তর।
-- তা হবে। তা কতদিন আছেন ওখানে?
-- এই হল বেশ কয়েক বছর। আপনার অফিস কোথায়?
নিজের দিক থেকে আলোচোনাটা সরানো দরকার। গুড়াপ আসতে ঢের দেরী।
-- আমার পার্ক স্ট্রিটের কাছে। রয় এয়ান্ড সন্স চেনেন?
-- না, মানে আমি ঠিক ঐ দিকটা ...
একটু চমকালেন অলকবাবু।
-- বড় সওদাগরী অফিস। ওদের পাশেই আমার অফিস। বেঙ্গল এস্কপোর্টস কোম্পানি।
এবার আরো একটু বেশি চমকালেন অলকবাবু। একটু একটু ঘাম যেন আবার আসতে শুরু করল।
-- সেকি মশাই, ঘামছেন কেন? এত চমকাবার কি আছে?
-- না না চমকাচ্ছি কই? তা কতদিন আছেন আপনি ওখানে?
-- ১৪ বছর হল। রোজ এক রুটিন। সকাল বেলা বাড়ি থেকে বেরোই, অফিসে লাঞ্চ, তারপর বিকেলে একটা সিগারেট আর পাঁচটায় টা টা। হে হে ...
-- পাঁচটায়? তাহলে আজ নিশ্চয় আগে বেরিয়েছেন? পাঁচটায় বেরোলে তো এই ট্রেন ...
-- ধরতে পারতাম না তো। ঠিকি বলেছেন। আজ না কি হল জানেন, রুটিনটা একটু পাল্টে গেল। আমি আর আমার এক কলিগ সহদেব পাল, রোজ বিকেলে অফিসের সামনে সিগারেট খেতে যাই। তো আজ হয়েছে কি... একি মশাই এত ঘামছেন কেন?
-- কি কি নাম বললেন?
-- সহদেব পাল। চেনেন নাকি?
-- না আমি কিভাবে চিনব? আমি চিনি না।
-- তাই বলুন, তা আমরা সবে দু'টান মেরেছি কি মারিনি, হঠাত কি হল জানেন?
-- নাহ, আমার না শরীরটা ঠিক লাগছে না, পরে শুনছি। কেমন?
-- সে কি মশাই কি হল? শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন।
এবার পাশ ফিরে অলকবাবু দেখলেন কামরা পুরো ফাঁকা, শুধু তিনি আর সামনের ভদ্রলোক। এই যে খানিক্ষণ আগেও তাসের ডাক, চাওলার আওয়াজ ছিল, সব শুন শান। শুধু ট্রেন চলার শব্দ।
-- কি হল? সবাই গেল কোথায়?
-- আর কোথায় বলুন অলকবাবু? এত কাঁচা হাতের টিপ থাকলে কি হয়? মারতে গেলেন সহদেবকে আর গুলিটা খেলাম পাশে দাঁড়িয়ে থাকা আমি? একবার দেখলেন-ও না কাকে মেরেছেন? ক'দিন হল এই কাজে? একটা বডি পড়ছে দেখেই পালালেন?
-- না না আমি মানে...
-- আর মানে... যাকগে, একটা কথা। আমাদের না ঠিক মিথ্যা বলা সাজে না। আপনাকে একটা মিথ্যা বলতে হয়েছে। ঠিক করে যাই। আমার বাড়ি নাগেরবাজার।

Tuesday, February 13, 2018

মধুসূদনপুরের জমিদারবাড়ি


"যাহ, কি যে বলিস? ওমনি ভূত এসে গেল।"
"আরে বলছি ওখানে ভূত আছে।"
"তোরা শালা গাঁইয়াই রয়ে গেলি।"
"কি এমন তুই শহুরে রে, থাকিস তো বর্ধমানে?"
"তাও ভালো। তোদের এই মধুসূদনপুরের মত ভূতের গল্প বানাই না।"
পলাশের দিদির বিয়েতে আমরা এসেছি মধুসূদনপুরে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে পরিচিত স্টেশন। আমরা মানে আমি, তন্ময় আর রজত। আমরা চারজন বর্ধমান রাজ কলেজে ফিজিক্স অনার্স পড়ি। আমার আর রজতের বাড়ি বর্ধমানে। তন্ময় থাকে গুসকরায়। আর পলাশ -- আগেই বলেছি। এই মধুসূদনপুরে। বিয়ে বাড়ি মিটে যাওয়ার পরও আমরা ঠিক করলাম ২-৩ দিন থেকে যাবো। এই সময় কলেজ বন্ধ। তাই আজ সন্ধ্যেবেলা পলাশদের বারান্দায় বসে মুড়ি চানাচুর খেতে খেতে আড্ডা হচ্ছিল।
"আরে বলছি শোন, জমিদারি শেষ হয়ে যাওয়ার পরেও জমিদারবাবুর বড় ছেলে সূর্যকান্তবাবু সপরিবারে ঐ বাড়িতে থাকত। একদিন সকালে তাঁকে সপরিবারে মৃত দেখা যায় ঐ বাড়ির মধ্যে।"
"সপরিবারে মৃত মানে?"
"মানে সূর্যকান্ত বাবু, তাঁর স্ত্রী রত্নাদেবী আর তঁদের ১০ বছরের মেয়েকে দেখা যায় বিষ খেয়ে মৃত।"
"আরে দেখা যায় মানে কি? কেউ বিষ খেতে দেখেছে?"
"না তা নয়, তবে পরে ময়না তদন্তে তাই বেরোয়। এই ঘটনার ক'দিন আগে থেকেই ঐ বাড়িতে এক তান্ত্রিক এসে থাকত। পুলিশ তাকেই সন্দেহ করে, কিন্তু তার খোঁজ পাওয়া যায়না।"
"কিছু চুরি গেছিল?"
"নাহ, সেটা অবশ্য আমি জানি না। আসলে এই সব ঘটনা তো বহু আগের। আমি বাবা কাকাদের মুখে যা শুনেছি।"
"তা ভূত এলো কোথা থেকে?"
"আরে ঐ বাড়িতে কেউ রাত কাটাতে পারে না। কতজন গেছে, কেউ ফেরেনি?"
"সবাই মারা গেছে?"
"আরে না, কারুর আর খোঁজ পাওয়া যায়নি।"
"মানে? ভ্যানিশ?"
"হ্যাঁ।"
জেদের মাথায় ঠিক করে ফেললাম পরেরদিন রাত্রে আমি একাই ঐ বাড়িতে কাটাবো। তন্ময় বা রজতের সাহস হল না। পলাশ তো বলাই বাহুল্য। ঠিক করা হল পলাশের মা-বাবাকে বলা হবে না। তাহলে ওঁরা হয়ত রাজি হবেন না।
সবাই শুয়ে পড়লে আমরা চুপি চুপি বেরোলাম। জমিদারবাড়ি সকালে একবার দেখে গেছি। পাঁচিল দেওয়া বিশাল জায়গা। মাঝে একটা দীঘিও আছে। যদিও পর্যবেক্ষণের অভাবে দীঘিটি পাঁকে ভর্তি। একটা পানকৌড়ি ছাড়া কিছুই দেখলাম না। ঘরগুলোতেও ধুলো ভর্তি। সকালেই আমরা একটা ঘর সাফ করে রেখেছি।
বিছানা তোষক পেতে, লন্ঠন জ্বালিয়ে পাশে জলের বোতল রাখল তন্ময়।
"এখনো ভেবে দেখ। থাকবি?"
"তুই থাক না একসাথে?"
"নাহ ভাই। কাল সকালে আসব আমরা।"
"হ্যাঁ কথা দিচ্ছি হারিয়ে যাব না, কিছু না হোক অনাথবাবুর মত দাঁতন করতে করতে আসব।"
ওরা চলে গেল। ব্যাগ থেকে একটা গল্পের বই বার করে পড়তে লাগলাম। খানিক্ষণ পড়তে পড়তেই চোখ জুড়িয়ে এল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভেঙ্গে গেল গরমে। এতো গরম কেন ঘরটা? আগুন জ্বলছে কোথাও? না তো। এটা ডিসেম্বর মাস, এত গরম তো হবে না। যখন ঘরে এসেছিলাম তখনো এত গরম ছিল না।
শালটা জড়িয়ে বাইরে বেরোলাম। দূরে একটা ট্রেন যাওয়ার আওয়াজ পেলাম। কোথাও একতা তক্ষক ডাকছে। একটা সিগারেট ধরালাম। ক'দিন পলাশদের বাড়িতে খাওয়া হয়নি।
ঘুমটা কেটে গেছে। এবার খেয়াল করলাম কেন আমার রাত থেকেই এই বাড়িটা অদ্ভুত লাগছে। সারা মধুসূদনপুরে যেখানে মশার দৌরাত্ম্য, এই বাড়িতে একটাও মশা নেই!!
এবার চোখ গেল দীঘিটার দিকে। একটা ঠান্ডা হাওয়া আসছে যেন। আরে এখন তো একটা না, দু-দুটো পানকৌড়ি। দীঘির জলটাও একটু পরিষ্কার লাগছে না? কাছে গেলাম। না, শ্যাওলা তো উল্টোদিকে, এই দিকটা একদমই পরিষ্কার। সিগারেটটা প্রায় শেষ হয়ে আসছে। যাই একটু দীঘির ধারে গিয়ে বসি। আজকে আকাশটাও বেশ পরিষ্কার। প্রচুর তারা দেখা যাচ্ছে।
কিন্তু এই বাড়ির চারপাশে কি গরম!! শুধু যে ঘরের মধ্যে তা নয়, বাইরেও বেশ গরম। দীঘির ঠান্ডা জলের হাওয়া ছাড়া তেমন হাওয়াও নেই। বাইরে গাছের পাতাও নড়ছে না। একটু পা ডোবালে কেমন হয়?
আহ কি আরাম, এই গরমে দীঘির জল পায়ে লাগতে যেন শান্তি হল। আচ্ছা সাঁতার কাটলে কেমন হয়? রাতে যদিও কোনদিন সাঁতার কাটিনি, কিন্তু এইটুকু তো দীঘি, কি আর হবে। একটা গামছাও ব্যাগে আছে।
জামাকাপড় ছেড়ে নেমে পড়লাম দীঘিতে। কি অসাধারণ ঠান্ডা, আরামের জল। এই জল গায়ে লাগতেই মনে হল প্রাণ যেন জুড়িয়ে গেল। উঠব? নাহ, উঠে কি হবে? এই আরাম কি আর পাব? আমি দীঘির জলে আরো তলিয়ে যেতে লাগলাম......

Monday, January 22, 2018

একটা আ-কারের জন্য


মহা ফাঁপড়ে পড়েছি। কখন যে এই ভুলটা করলাম নিজেও খেয়াল করিনি। "তোমার"-এর জায়গায় হয়ে গেছে "তেমার"। এবার কি করে ঠিক করি? আমার সাধের আর্টেক্স কলমটা চোখের সামনে, কিন্তু আমি হাত দিতে পারব না। সামনে মা, জেঠিমারা , কাকিমারা মিলিয়ে গোটা পাঁচেক লোক। তারপর মা সরস্বতী। মাঝে আমার বই ও কলম। মানে আমার একার না, এই গলির সবার।
এদিকে বাইরের ঘরে বসে বাবা-কাকা-জেঠুরা আড্ডা দিচ্ছে। মাঝে মাঝেই শুনছি "সিটু", "সোমেন মিত্র", "রাও" এসব শব্দ। বারান্দায় রাজুদা, সোনাদি , সোনাদির বর শুভদা, এরা সবাই। আমার বয়সী তো কেউ নেই যে আমি কথা বলব? মন্টিদি আছে, কিন্তু একে সে আমাকে একদমই পাত্তা দেয় না, আর তার দেখা পাওয়া শক্ত।
একটু বাদে গিয়ে দেখি সবাই ঠাকুরের সামনে থেকে সরে গেছে। একমাত্র রত্নাকাকিমা একটু দূরে বসে আছে। টুক করে কলমটা নিয়ে আসা যায় না?
-- কি রে পিকলু, ওখানে কি করছিস?
-- না আমার কলম...
-- হ্যাঁ, তোর কলম তো দেখতে পাচ্ছি ওখানে, ওটাকে কি করছিস?
-- এই কাকিমা, মানে পড়ে যাচ্ছিল, তাই তুলে দিলাম।
নাহ, আমার আর বানান ঠিক করা হবে না। এদিকে অঞ্জলী হলেই প্রসাদ। খাওয়া শেষ হতে না হতেই রতন, বিলুরা আসবে সাইকেল নিয়ে, পাড়ার ক্লাবে যাব। আর সেখানেই... ধুর বাবা। কেউ দেখছে না দেখে বিছানার পাশে এসে একবার চিঠিটা খুলে দেখলাম। না, ঠিক হয়নি বানানটা।
অঞ্জলীর ডাক পড়তেই সবাই এগিয়ে গেলো। শুভ্রা কাকিমা বারান্দা থেকে হাঁক দিয়ে মন্টিদিকে ডেকে আনলেন। এ বাড়ির জেঠু আর আমার বাবা, দুজনে ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না। তাই তাঁরা বাইরের ঘরেই রইলেন। আমি অঞ্জলী দিতে দিতে বার বার ঠাকুরকে বললাম,
"মা, দয়া করে বানানটা ঠিক করে দাও, কথা দিচ্ছি ফাইনালে ইতিহাসে আর টুকব না।"
অঞ্জলী শেষ। সবাই খেতে বসেছে। বাবার আর জেঠুর অঞ্জলী না দিলেও খেতে আপত্তি থাকে না। আমি খুব চিন্তায়। অল্প অল্প খাচ্ছি। এই সময়
-- পিকলু এদিকে আয় তো।
-- যাই জেঠু।
পড়ার ঘরে যেতেই জেঠু বলল
-- শোন বেশি সময় নেই। এই নে আমার উইং সাং কলম। আজই সকালে কালি ভরেছি। যা লেখার জলদি লেখ।
চোখ পড়ল টেবিলে রাখা ক্যামলিনের দোয়াত আর ড্রপারের দিকে। কিন্তু আমি জেঠুর কথা শুনে হতবাক। বুঝলেন কি করে?
-- তুই কি ভাবিস? আমি কিছু বুঝি না। বার বার তোর মূর্তির সামনে কলম হাতড়াতে যাওয়া, বিছানার পাশে দাঁড়িয়ে পাঞ্জাবীর পকেট থেকে বার করে চিঠি পড়া, সবই দেখেছি। শোন। তাড়াতাড়ি লেখ। নইলে লোকে সন্দেহ করবে। আর তোকে বার বার বলেছি পরীক্ষায় লেখার পর রিভাইজ করতে, আজ প্রমাণ পেলাম সেটা করিস না।

Saturday, October 7, 2017

ইচ্ছে

খেলা শেষের আধঘণ্টা আগে ঘটল ঘটনাটা। পেনাল্টি বক্সের বাইরে শ্যামলকে পাস দিল অরুণ। ডান পায়ের এক জোরালো শট একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে চলে গেল। 
"ঈশ, দারুণ শট ছিল।"
"গোলটা তো হল না।"
 
এই আক্ষেপটা সারা জীবন গেল না শ্যামলবাবুর। পরে পাড়ার মাঠে, স্কুলে, বহুবার ভেবেছেন এরকম একটা সুযোগ পেলে আবার ঐ বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করবেন। একটা নামও ঠিক করে রেখেছিলেন এই গোলের। "গোলা গোল" -- মানে গোলার মত উড়ে গিয়ে গোল। কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। 

কলেজে পড়তেও দু-একবার চেষ্টা যে করেননি তা নয়। ভালো খেলতেন বলে কলেজ টিমে রেগুলার চান্স পেতেন। গোলও করেছেন বেশ কয়েকটা। কিন্তু ঐ গোলা গোল করার সুযোগ আর হয়নি। কোনদিন ওরকম বক্সের বাইরে আর বলই পেলেন না। 

শ্যামলবাবু চাকরি পেলেন বম্বে শহরে। অফিস থেকে লোকে মাঝে মাঝে ক্রিকেট খেলতে যেত, তবে ফুটবল একদমই খেলা হত না। হাঁফিয়ে উঠলেন তিনি। কয়েক বছর বাদে ট্রান্সফার পেলেন অসমের এক ছোট মফঃস্বল শহরে। সেখানে তাঁর সহকর্মীরা কিন্তু ফুটবল খেলতে ভালোবাসতেন। আবার খেলা শুরু করলেন শ্যামলবাবু। কিন্তু দুর্ভাগ্য। ঐ জায়গায় বল কেউ বাড়াল না। 

বিয়ের পর আস্তে আস্তে খেলা কমে যেতে লাগল। মেয়ের জন্মের পর আবার ট্রান্সফার নিয়ে বম্বে চলে এলেন। মফঃস্বলে ভালো স্কুল নেই, তাই সেখানে আর থাকা গেল না। ফুটবল বুট জোড়াও একদিন কোথায় হারিয়ে গেল। 

বহু বছর বাদে ফিলাডেলফিয়ার মাঠে নাতির ফুটবল খেলা দেখছিলেন শ্যামলবাবু। একবার বলটা তাঁর পায়ের কাছে এল। ভাবলেন একবার ঐ গোলা শটটা নিয়ে দেখাই। নিলেন। কিন্তু বলটা হাল্কা গড়িয়ে নাতির কাছে চলে গেল। 

"থ্যাংকস দাদু, নাইস পাস।" 

শ্যামলবাবু যেন সেদিন নতুন করে বুঝলেন এ জন্মে আর ঐ গোল করা হবে না। এই চিন্তাটা সবসময় তাঁর মাথায় ঘুরতে লাগল। এমনকি হাসপাতালে মৃত্যুশয্যাতেও তাঁর মনের মধ্যে আক্ষেপটা যেন যাচ্ছিল না। 




"বলটা ধরো শ্যামল।" 

যে তাঁকে কথাগুলো বলল, তাকে কোথায় দেখেছেন মনে করতে পারলেন না শ্যামলবাবু। মুখটা ভীষণ চেনা, কিন্তু...
নিজের গায়ে নীল জার্সি দেখে বুঝলেন কোন এক টিমের হয়ে খেলছেন। বলটা সামনে আর এক নীল জার্সিকে পাস দিলেন। কিন্তু একে তিনি চেনেন, এর নাম রন্টু। কৃশানু দে। এটা কোথায় আছেন তিনি। 

এবার বুঝতে পারলেন, যিনি প্রথমে তাকে বলটা দিলেন তিনি তো শৈলেন মান্না!! 

"হাঁ করে দাঁড়িয়ে কি করছ শ্যামল, বক্সের কাছে যাও।"

মাঠের মাইরে দাঁড়িয়ে চিৎকার করলেন অমল দত্ত। ছুটলেন শ্যামলবাবু। কৃশানু এবার ব্যাকপাস করল আহমেদ খানকে। আহমেদ খান একজনকে কাটিয়ে বল বাড়ালেন শ্যামলবাবুর জন্য। বক্সের বাইরে বল। সামনে দুজন ডিফেন্ডার ছুটে আসছে। এক মুহূর্ত নষ্ট করলেন না শ্যামলবাবু। গোলা শট চলল। এবার আর ক্রসবারের উপর দিয়ে না। মাপা শট। বল গোলের ডান দিকের কোণ লক্ষ্য করে এগোচ্ছে। নিশ্চিত গোল। 

কিন্তু একি। বল গোলে ঢোকার ঠিক আগের মুহূর্তে একটা সাদা গ্লাভসের আঙ্গুল এসে সেটাকে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দিল। গোল করার ব্যর্থতায় হতবাক শ্যামলবাবু। 

সামনে গ্লাভস খুলে তাঁর দিকে তাকিয়ে হাসলেন পিটার থংগরাজ। 

Sunday, September 10, 2017

চ্যাট

-- কেমন আছ?
--আরে কি খবর? নতুন চাকরি কেমন লাগছে?
-- ভালো।
-- আর নতুন শহর?
-- ভালোই।
-- বাহ।
-- তোমার কি খবর?
-- এই চলে যাচ্ছে গো। বর, মা বাবা, শ্বশুর, শাশুড়ি, সব নিয়ে নাজেহাল। মায়ের চোখের সমস্যার জন্য মাঝে মাঝেই আমাকে বাড়ি যেতে হয়। তা হঠাত, কি মনে করে?
-- নাহ, একটা কথা বলার ছিল।
-- বল না।
-- কিছু মনে কর না প্লিজ, আজ ভাবলাম বলেই দিই। তোমাকে না আমার ভালো লাগত।
-- মানে?
-- মানে বোঝাতে পারব না। নিজে বুঝি না। ভালো লাগত। ভালবাসতাম না হয়ত, কিন্তু ভালো লাগত। হয়ত ...
-- তা এতদিন বলোনি কেন?
-- আরে এতদিন এক অফিসে ছিলাম তো।
-- তো?
-- না যদি তোমার আমাকে ভালো না লাগত, তাহলে হয়ত একসাথে কাজ করাই সমস্যা হয়ে যেত। আর ঐ যে তুমি রোজ সকালে এসে আমার সঙ্গে দেখা হলে হাসতে, সেটাও হয়ত মিস করতাম। এখন আলাদা অফিস, আলাদা শহর, সবই আলাদা।
-- তাই আজ বললে?
-- বলতে পারো। তাছাড়া, তোমার তখন বাড়ি থেকে বিয়ের জন্য পাত্র দেখা চলছিল, যদি তোমার আমাকে পছন্দও হত, হয়ত বিয়ে করতে চাইতে। আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না একদমই।
-- বুঝেছি।
-- কিছু মনে করলে না তো?
-- নাহ। শুধু একটাই কথা বলার আছে।
-- কি?
-- তুমি তখনি বললে পারতে। হাসিটা মিস করতে না।