Sunday, March 1, 2020

অনন্ত স্যার

অনন্ত স্যারকে আমি প্রথম দেখি এক বুধবার। সেদিন দুপুরে টিফিন টাইমে আমরা বলটা নিয়ে নিজেদের মধ্যে পাসিং করছিলাম। দেখতে পেলাম সাদা গোলাপি স্ট্রাইপ জামা পরে এক ভদ্রলোক স্কুলের গেট খুলে ঢুকলেন। ঘণ্টা কয়েক বাদে আমাদের যখন ইতিহাসের ক্লাস চলছিল, হেডস্যার মলয়বাবু ওনাকে নিয়ে ক্লাসে এলেন।

-- তোমাদের অঙ্কের স্যার রতনবাবু এক মাস থাকবেন না। তার বদলে ইনি তোমাদের অঙ্ক করাবেন। এনার নাম অনন্ত সরকার।

অনন্ত স্যার আমাদের স্কুলের বাকি স্যারদের মত অত বয়স্ক নন। বেশ কম বয়সী। প্রথমদিন ক্লাসে এসে অঙ্কের ফাঁকে গল্প করতে শুরু করলেন। একটু বাদেই চলে এল ফুটবল। অতঃপর শুরু হল ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে বাদানুবাদ। স্যার তাড়াতাড়ি সেটা থামালেন।
-- স্যার আপনি কার সাপোর্টার?
সেই উত্তর না দিয়ে স্যার চোখ টিপলেন।

বিকেলবেলা স্কুলের শেষে আমরা মসজিদের পাশের মাঠে বল নিয়ে নেমে পড়লাম। খেলে অনেকেই, কিন্তু আমরা চারজন, অর্থাৎ আমি, কুন্তল, রবি আর সরোজ রোজ খেলি। সত্যি কথা বলতে কী, আমাদের চারজনের বন্ধুত্ব অনেকদিনের। কীভাবে এটা শুরু হয়েছিল, সে গল্প পরে বলব। কিন্তু আমাদের এই বিকেলের খেলাটা বহুদিন ধরে চলছে। বাকি লোকজন যাতায়াত করে, কিন্তু আমরা প্রায় রোজ খেলি। প্রায় রোজ।

সেদিন অনন্ত স্যারও আমাদের সাথে যোগ দিলেন। ভদ্রলোক বেশ ভালোই খেলেন। এমনি ব্যাকে খেলেন, আর দৌড়াতেও পারেন প্রচণ্ড। খেলার পর আমরা চারজন মাঠে বসে আড্ডা দি। অনন্ত স্যারও যোগ দিলেন। এমনি আড্ডা হল। স্যারের বাড়ি পলাশগ্রামে। এখানে একটা মেসবাড়িতে থাকেন। স্যারের বাবা নেই, মা আছেন। স্যারের দাদা কলকাতায় চাকরি করেন। স্যার কলকাতা গেছেন শুনে আমাদের হিংসা হল। কবে যে যেতে পারব?

এরকম ভাবে কয়েকদিন চলার পর স্যার একদিন আড্ডায় বসে বললেন
-- শোন, তোদের একটা কথা বলি; কিন্তু সেটা যেন শুধু আমাদের মধ্যে থাকে।
-- নিশ্চয়।
-- আমি আসলে শিক্ষক নই, আমি পুলিশে কাজ করি।
-- পুলিশ?
-- হ্যাঁ, এই শহরে গত কয়েক মাসে একটা করে খুন হচ্ছে জানিস কি তোরা?
-- না তো।
-- না জানার কথা। কারণ ঘটনাটা এত ভয়াবহ যে আমরা কাউকে বলিনি।
-- কি হয়েছে স্যার?
-- হয়েছে কি, গত কয়েক মাস কিছু লোক অদৃশ্য হয়ে যাচ্ছে। কোন একটা নির্দিস্ট বয়সের না কিন্তু। এই যেমন ধর প্রাইমারী স্কুলের ছেলেও গায়েব হয়েছে, আবার অবসর নেওয়া বৃদ্ধও হয়েছে। থানায় এরকম নিরুদ্দেশদের নিয়ে ডায়রি থাকেই। কিন্তু দু সপ্তাহ আগে শহরের বাইরে যে জঙ্গলটা আছে, সেখানে আমরা কিছু কঙ্কাল পাই। টেস্ট করে দেখা গেছে ঐ কঙ্কালগুলি যারা নিরুদ্দেশ হয়েছে তাদের কঙ্কাল।
--  সেকি?
-- হ্যাঁ। আমি এই কেসটা দেখছি। তাই এই স্কুলে আসা।
-- কিন্তু তার সঙ্গে আপনার স্কুলে পড়ানোর কি সম্পর্ক?
-- বলছি। আমরা ঐ কঙ্কালগুলোর কাছে একটা এই স্কুলের ব্যাজ পেয়েছি। আমরা স্কুলের কোন শিক্ষককে সন্দেহ করছি। তাঁর পকেট থেকে এটা পড়েছে। এখন আমাদের দেখতে হবে কে?
রবি আমার দিকে আতঙ্কের চোখে তাকাল।
-- আমাদের স্কুলে?
-- হ্যাঁ।
-- আপনার কাউকে সন্দেহ হয়?
-- হ্যাঁ, গত কয়েকদিনে আমি লক্ষ্য করছি কোন কোন শিক্ষক ব্যাজ ব্যবহার করেন। এনাদের মধ্যে কার কার ব্যাজ হারিয়েছে। যা বুঝছি সমীরবাবু আর অরবিন্দবাবু, এদের দুজনের অতি সম্প্রতি ব্যাজ হারিয়েছে।
-- কিন্তু স্যার, একটা কথা বলুন। এনারা ঐ নিরুদ্দেশ হওয়া ব্যাক্তিদের জঙ্গলে নিয়ে গিয়ে মারবে কেন?
-- তার চেয়েও বড় প্রশ্ন কি জানিস? ঐ ব্যাক্তিদের গায়ে এক ফোটা মাংস নেই।
-- সেকি? শেয়ালে খেয়েছে?
-- হতে পারে। আমরা বুঝছি না। যাই হোক, তোদের যে এসব বললাম, কাউকে বলিস না। এই কেসে তোদের সাহায্য লাগতে পারে।
-- নিশ্চয় স্যার। আপনি ফেলুদা,  আর আমরা সবাই তোপসে।


কয়েকদিন বাদে স্যার আবার বসলেন আমাদের সাথে।
-- কাল আবার একটা খুন হয়েছে।
-- কে?
-- রেলধারের বস্তির ছোটন।
-- কঙ্কাল পাওয়া গেছে?
-- হ্যাঁ, এবার চন্ডীতলার ছোট জঙ্গলে। সবচেয়ে আশ্চর্যের কি জানিস? এক দিনের মধ্যেই পাওয়া গেছে কঙ্কাল। কিন্তু এবারো কোন মাংস নেই।
-- সেকি?
-- হ্যাঁ, শেয়াল এরকম পরিপাটি করে খাবে না। আমার বস বললেন কেউ হয়ত মানুষের মাংস চুরি করছে। কিন্তু আমার তা মনে হয়না। আমার এক আলাদা সন্দেহ হয়।
-- কি স্যার?
-- বিশ্বাস করবি কিনা জানি না। গতকাল পূর্নিমা ছিল।
-- জানি তো স্যার।
-- গল্পে পড়েছি বিলেতে এক ধরণের জন্তু হয়। যারা পুর্নিমার রাতে মানুষ থেকে নেকড়ে হয়ে যায়। আমি খোঁজ নিয়ে দেখলাম প্রতিটা খুন হয়েছে কোন এক পুর্নিমার রাতে। কেউ মাংস চুরি করলে  কেন শুধু পুর্নিমার রাতে করবে বল?
-- মানে আপনি কি বলতে চাইছেন?
-- আমি বলছি যে এই শহরে একটা নেকড়ে-মানব আছে। এবং আমার ধারণা সেটা সমীরবাবু।
-- কেন স্যার?
-- সমীরবাবুকে ক'দিন ধরে স্টাফ রুমে দেখছি। ওনার দাঁত দেখবি, শ্বদন্ত আছে। এছাড়া উনি নাকি রোজ রাত্রে খেয়ে দেয়ে পাড়ায় হাঁটতে বেরোন। মর্নিং ওয়াক শুনেছিস, কোনদিন নাইট ওয়াক শুনেছিস?
-- তবে কি সমীরবাবু নেকড়ে মানব?
-- আমাদের পরের পুর্নিমা অবধি অপেক্ষা করতে হবে।


পরের মাসে  পূর্ণিমার আগের রাতে অনন্ত স্যার আমাদের ধরলেন।
-- শোন, কাল আমি সমীরবাবুর বাড়ির উপর নজর রাখব। তোরা  আসবি?
সরোজ ভয় পেল।

-- স্যার, উনি যদি সত্যি নেকড়ে মানব হন, আমরা কি করব?
-- চিন্তা করিস না, আমার সার্ভিস রিভল্বারটা থাকবে সঙ্গে।
আমরা তবুও কিন্তু কিন্তু করছিলাম। কিন্তু স্যারের তেজ দেখে আমরাও রাজি হলাম। এই প্রথম এরকম একটা কর্মকান্ডের অংশ হব আমরা।


পরেরদিন রাতে আমরা আস্তানা নিলাম সমীরবাবুর বাড়ির ঠিক পাশের গলিতে। আমাদের জেলা শহরে এই রাত্রে কাক পক্ষীটিও দেখা যায় না। চারদিক যেন শ্মশানের নিস্তব্ধতা। সবাই মাথায় শাল জড়িয়ে আছি, তাই লোকে আমাদের পাড়ার রিক্সাওয়ালা ভাববে। স্যার আগে। আমরা পিছনে। একটু বাদে সমীরবাবু বাড়ি থেকে বেরোলেন। হেঁটে হেঁটে  সামনের গলি ঘুরে আবার এদিকে ফিরলেন। আমরা অপেক্ষা করছি। আকাশে পুর্নিমার চাঁদ। সমীরবাবু একটু বাদেই বাড়ি ঢুকে পড়লেন। আর বেরচ্ছেন না। আমাদের অপেক্ষা চলছে।

রাত তখন প্রায় বারোটা। পাশের গির্জার ঘড়ির আওয়াজ পাওয়া গেল। আমরা সকলেই খুব ভয়ে ভয়ে আছি। রবি দেখলাম চিন্তায় একবার কেশেও ফেলল। কিন্তু আর আটকাতে পারল না।

অনন্ত স্যার এবার বললেন -- "আমার কি তবে ভুল হল?"
এই বলে স্যার পিছন ফিরে আমাদের দেখে -- "একি তোরা..."

স্যার বন্দুকটা বার করার সময় পেলেন না।


স্যারের কঙ্কালটা  আমরা জংগলে ফেলে এসে কুন্তলদের আউট হাউসটায় উঠলাম। এভাবে মাসের পর মাস আমরা রাত্রে পড়াশুনো করব বলে এই আউট হাউসটায় রাত কাটাই পুর্নিমার রাতে। কতদিন এভাবে চলবে জানি না। কিন্তু  এ আমাদের হাতে নেই।

Tuesday, February 4, 2020

তারাবাগ ডায়রিজঃ বিজয়বাবু

সালটা ২০০১। টেস্ট পরীক্ষা চলছে। অঙ্ক পরীক্ষার আগে বাবা বলে দিলেন -- "৮০ পেতেই হবে। নইলে বিজয়বাবু নেবেন না।" তখন বিজয়বাবুর নাম প্রথম শোনা। শ্রী বিজয় রায়। বর্ধমানের রামকৃষ্ণ স্কুলের অঙ্কের শিক্ষক। ওনার কাছে পড়লে নাকি জয়েন্ট নিশ্চিত। আমাদের পাড়ার অন্তুদা, বাপিদারা নাকি ওনার কাছেই পড়েছিল। তা অঙ্কে ৮০-র উপরই পেয়েছিলাম।

২০০১ এর মার্চ মাসে যেদিন হরভজন সিংহের বলে ম্যাকগ্রাথ এল বি হলেন আর সারা কলকাতা আনন্দে মেতে উঠল, সেদিন আমার আই সি এস ই পরীক্ষা শেষ হয়। পরেরদিন সকালে জলখাবার খেয়ে আমি আর বাবা গেলাম বিজয়বাবুর বাড়ি। আমাদের পাড়ার কাছেই থাকেন। তাই হেঁটে হেঁটেই গেলাম। কোন বাড়িটা জানতাম না, তাই একজনকে জিজ্ঞেস করে নিলাম। বাড়ির দরজা খোলাই ছিল। উনি নিচে আর একজন ছাত্র আর তার বাবার সঙ্গে কথা বলছিলেন। পরে জেনেছি সেটি শঙ্খজিৎ। প্রথম দেখলাম ভদ্রলোককে। সাধারণ চেহারা। সাদা পাঞ্জাবী-পাজামা পরিহিত। হাতে চশমা ধরে আছেন। আমাকে বললেন -- "এতদিন কার কাছে পড়তে?" কথা হল এপ্রিল থেকে ব্যাচ বসবে।

সেই শুরু। পরের দু'বছর চলল এক অসাধারণ সম্পর্ক। অঙ্ক করাতে করাতে বার বার মজা করতেন। কোন অঙ্ক বাজে লজিক দিয়ে মিলিয়ে দিলে -- "গ্যাটিস দিচ্ছ?" কোন অঙ্ক নিয়ে অনেকক্ষণ বসে থাকলে -- "পঞ্চবার্ষিকী পরিকল্পনা?" কোন অঙ্ক পারলে আনন্দ করলে বলতেন -- "জে ই তে উড়িয়ে দেবে তো?" মাঝে মাঝে পড়াশুনোর বাইরেও কথা বলতেন। মারাত্মক মারাদোনা ভক্ত ছিলেন। বলতেন -- "আজকাল তোমরা সব জিদান জিদান করো, কিন্তু মারাদোনার পাশে কেউ না।"

ট্রিগোনোমেট্রি থেকে ইন্টিগ্রেশন, এত মন দিয়ে এত ভালোভাবে আর কেউ পড়াতে পারতেন কিনে জানি না। জয়েন্টের আগে বলেছিলান -- "মাঠা ঠাণ্ডা রেখো, ঠিক পারবে।"  মনে আছে জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর গেছি। দেখি উল্টোদিকে আর একজন বসে আছে। আমাকে আলাপ করালেন -- "এই হল শ্রেয়স, গত বছর যাদবপুর জয়েন করেছে। শ্রেয়স, ভাইকে সাহায্য কর।"

শেষ দেখা হয়েছিল বিয়ের নেমতন্ন করতে যাওয়ার দিন, সাড়ে তিন বছর আগে। শুনলাম স্কুল থেকে অবসর নিয়েছেন। আর টিউশান পড়াননা। গলার অবস্থা ভালো না। আজ ধীমান জানালো বিজয়বাবু আর নেই। গত পরশু ওনার হার্ট এট্যাক হয়। শুধু আমি কেন, বর্ধমানের অগুনতি ছেলে মেয়ের ভবিষ্যত তৈরি করে দিয়েছেলেন বিজয়বাবু। এক যুগের অবসান। 

Saturday, November 2, 2019

হোটেল ক্যালকাটা ইন্টার্নেশানাল

(ও'হেনরির একটা গল্প নিজের মত করে লিখলাম।)

হ্যাঁ এই নাম নতুন হোটেলটির। বছর চারেক আগে মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। চৌরঙ্গীর মোড়ে এই হোটেলটি এখন সারা কলকাতার গর্ব। বিখ্যাত ব্যক্তিদের আনাগোনা লেগেই আছে এখানে। এই তো ক'দিন আগে শহরে অনুষ্ঠান করতে এসে এই হোটেলে উঠেছিলেন শাহরুখ খান।

জানুয়ারির শেষ। ঠাণ্ডার রেশ এখনো রয়েছে শহরে। রবিবারের ছুটিতে এখনো সপরিবারে কমলালেবু খেতে খেতে কলকাতা চিড়িয়াখানা যায়। রাস্তা ঘাটে অগুনতি মাঙ্কি ক্যাপ দেখা যায়। এমন এক দিনে হোটেলে চেক ইন করলেন মিস অদিতি সেন।

অদিতি দেবী হোটেলের পাঁচ তলার ঘরে জায়গা পেলেন। সঙ্গে একটা সুটকেস আর একটা ভ্যানিটি ব্যাগ। সুটকেসটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য "বয়"কে দশ টাকা টিপস দিলেন।
"আপনাদের এখানে কালার টিভি আছে?"
"হ্যাঁ ম্যাডাম, প্রত্যেক ঘরেই আছে। এই যে আপনার ঘরে, এখানে রিমোট।"
"অনেক চ্যানেল আসে?"
"হ্যাঁ ম্যাডাম, জি টি ভি আসে, স্টার কানেকশান আছে। আপনার কি চাই বলুন?"
"না মানে আমার মানে ..."
"আপনার কোন চ্যানেল লাগবে বলুন?"
"আমার জি টি ভি লাগবে। আমি তো দিল্লীতে থাকি। আমার জি টি ভি না দেখলে হয়না।"
"নিশ্চয় ম্যাডাম, জি টি ভি ১২ নম্বর চ্যানেল। এই যে।"
"থ্যাঙ্ক ইউ ভাই।"
"ওয়েলকাম ম্যাডাম। কোন দরকার লাগলে নিচের রিসেপশনে ফোন করে দেবেন। কেমন?"
"অবশ্যই।"
"আশা করি আমাদের সঙ্গে থাকতে আপনার ভালো লাগবে।"


সেদিন সন্ধ্যায় হোটেলের ডাইনিং রুমে বসে ডিনার সারলেন মিস সেন। ইন্ডিয়ান খাবারের জায়গায় ভাত আর চিকেন কারি। খেতে খেতে লক্ষ্য করলেন কিছু দূরে বসা এক ব্যাক্তি তাঁকে লক্ষ্য করছিলেন। মিস সেন এমনই সুশ্রী। তবে আজকে এই নীল চুড়িদার পরে মিস সেনকে যেন কোন সিনেমার নায়িকা মনে হচ্ছিল। তাঁকে যে লোকে লক্ষ্য করবে এটাই স্বাভাবিক।

সমস্যাটা হল পরেরদিন সকালে ব্রেকফাস্টের সময়। হোটেলে বুফে ব্রেকফাস্ট। মিস সেন সেখানেই খাচ্ছিলেন। একা একটা টেবিলে বসে ছিলেন তিনি। পরনে গতকাল রাত্রের চুড়িদারটি। এবার ঐ কাল রাত্রের অচেনা ভদ্রলোকটি এলেন তাঁর টেবিলে।
"আমি কি আপনার সঙ্গে বসতে পারি?"

একবার দেখে সম্মতিসূচক ঘাড় নাড়ালেন মিস সেন।

"নমস্কার, আমার নাম শমিত চন্দ্র। আমি বম্বেতে থাকি। আপনি?"

এরকম অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিলনা মিস সেনের। তবু মুখের উপর কারুর সঙ্গে অভদ্রতা করতে পারেননা তিনি। হাল্কা হেসে নিজের পরিচয় দিলেন।

"আপনাকে একটা অদ্ভুত প্রশ্ন করব। প্লিজ খারাপ ভাবে নেবেন না। আপনার এই জামাটা কি গাড়িয়াহাটের অপ্সরা থেকে কেনা?"

ভীষণ চমকালেন মিস সেন। কিন্তু ঘাবড়ালেন না।

"হ্যাঁ। গত বছর কোলকাতায় এসে এটা বানিয়েছিলাম। কেন বলুন তো?"
"আসলে আপনাকে খুলেই বলি। আমার বম্বেতে একটা গারমেনটের ব্যবসা আছে। নিউ বম্বে টেক্সটাইলস নাম। এই সেম ডিজাইনের চুড়িদার আমরা প্রথম বম্বেতে ছাড়ি। তারপর অনেকের কাছেই শুনি অপ্সরা আমাদের ডিজাইন চুরি করেছে। তাই আপনাকে ঐ প্রশ্ন করি।"

এবার মিস্টার চন্দ্রর দিকে ভালো করে তাকালেন মিস সেন। তামাটে গায়ের রং, হাল্কা গোঁফ, পরনে বাদামী স্যুট।

"ওহ তাই বলুন। আমিও আপনার প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম।"
"সেকি? আমি তো দেখলাম আপনি পাঊরুটি খাচ্ছেন।"
 মিস সেন সেই প্রথমবার হোটেলে হাসলেন। পর পর তিন দিন হাসি চলতে থাকল মাঝে মাঝেই। হোটেলের বাইরে চৌরঙ্গীর ব্যস্ত ফুটপাথের উপর দিয়ে মাঙ্কি ক্যাপ পরিহিত জনতার মধ্যে কখন যে এক বাচ্চা ছেলে পিঠে ডানা লাগিয়ে এসে হাসির মধ্যে এক তীর ছুড়ে দিল, কেউ দেখতেও পারল না। বুঝতে পারল যদিও।

"কাল আমি ফিরে যাচ্ছি।"
"তোমার দিল্লীর ফোন নাম্বারটা দিয়ে যেও। আমি গিয়ে যোগাযোগ করব।"
"ইয়ে শমিত, তোমাকে একটা কথা বলার আছে। কথা দাও আমাকে ভুল ভাববে না।"
"না। বল।"
"দেখ আমার নাম অদিতি সেন না। আমি রত্না তলাপাত্র। আমি পিকনিক গার্ডেনে থাকি। দিল্লী না। আমি খুবই সাধারণ মেয়ে। দাদা বৌদির বাড়িতে থাকি। ভবানী ভবনে সামান্য চাকরি করি। এই হোটেলটা দেখে বহুদিন ভাবতাম কয়েকদিনের জন্য এসে থাকব। প্রতি মাসে পয়সা বাঁচিয়েছি যাতে এখানে তিন দিন থাকতে পারি। এই তিন দিন আমি রানির মত ছিলাম। আমাকে সকালে উঠে নিজের চা বানাতে হয়নি। ভিড় বাসে ধাক্কা খেতে খেতে যেতে হয়নি। কেউ জানতেও পারেনি আমি পিকনিক গার্ডেনের ছোট বাড়িতে বাইরের ঘরে একা শুই। শুধু এখানে থাকব বলে অপ্সরা থেকে এই জামাগুলি বানাই। এগুলো আমার বাড়ির লোক জানেও না। ক্ষমা কর। তোমাকে অনেক মিথ্যে বলেছি।"

মিস্টার চন্দ্রের মুখে আবার হাল্কা হাসি দেখা দিল। হাত বাড়িয়ে মিস সেনের হাত ধরলেন।

"আমি জানি। তোমার অপ্সরার জামাটা আমি তৈরি করেছি। তুমি যেদিন অপ্সরা এলে, আমি তোমায় দেখেছিলাম। আমি অপ্সরাতে টেলার। আমার নাম রতন ঘোষ। তোমার মত আমারও শখ ছিল এখানে কিছুদিন থাকব। রোজ ঐ বারুইপুর থেকে যাতায়াত করতে হয়। তার থেকে মুক্তি। আমিও কালকেই চলে যাব আমার নিজের জীবনে। তুমি আমাকে ভুলে যাবে না তো?"

মিস সেন আবার হাসলেন। যদিও সেই সময় ফুটপাথে কেউ ধনুক নিয়ে ছিল কিনা লেখক জানে না।

"পরের রবিবার ময়দানে দেখা করবে?"
"ঠিক আছে, আমি ওখানে খুব ভালো একটা চা-ওলা কে চিনি। এই ঠাণ্ডায় জমিয়ে লেবু চা খাব।"
"আমি বাপুজি কেক নিয়ে আসব।"



Tuesday, October 22, 2019

স্বাধীনতা দিবস

(ও' হেনরির একটা গল্প নিজের মত করে লিখলাম)


আজ ১৫ই অগস্ট। দুপুরে জম্পেশ খাওয়া হবে হরির। এমনিতে তার অবস্থা খুব একটা ভালো না। বেশিরভাগ দিন-ই দুবেলা খাওয়া জোটেনা। মাঝে মাঝেই রাত্রে ঐ হোটেলের কাঙালি ভোজনে পেট ভরায় হরি। তবে আজ ভালো খাওয়া হবে। পোলাও, পাঁঠার মাংস, পায়েস। এই দিনে প্রচুর ক্লাবে গরীবদের ডেকে খাওয়ায়। অনেকে ক্লাবের বাইরে  নিজের থেকে খাওয়ায়। হরি শুনেছে সামনের বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি, হয়ত আরো ভালো খাওয়া হবে। আচ্ছা, এদেশের লোকেদের কেন মনে হয় যে গরীবদের শুধু স্বাধীনতা দিবসের দিন খিদে পায়?

তবে হরির আলাদা ব্যবস্থা আছে। হরি গত পাঁচ বছর ধরে পাড়ার নেতাজী মূর্তির নিচে বসে থাকে। অবিনাশবাবু আসেন। হরিকে নিয়ে যান "কালীমাতা ভোজনালয়"। তারপর পেট পুরে আহার। অবিনাশবাবু খান না কিছুই। পুরো পয়সা উনি দেন। গত পাঁচ বছর ধরে এই আয়োজন। হরি শুনেছে অবিনাশবাবু নাকি যুবা বয়সে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জেলেও গেছেন কয়েকবার।

আজ কিন্তু হরির অন্য মুশকিল। তরুণ সঙ্ঘ থেকে আজ বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল। হরি এই সুখাদ্যের নাম শুনেছে বহুবার। কিন্তু কোনদিন খায়নি। পয়সাই নেই তো খাবে কী। আজ তাই লোভ সামলাতে না পেরে সেখানে পেট ভরে খেয়ে এসেছে। মুস্কিল হচ্ছে একটু বাদেই অবিনাশবাবু আসবেন। ওনার সঙ্গে না খেলে যদি ওঁর মনে আঘাত লাগে? হরি কি করবে বুঝতে পারছে না। পেট একদম ভরা যে!!

অবিনাশবাবু এলেন। সেই এক পোশাক। সাদা পাঞ্জাবী আর পাজামা। যদিও প্রতিবারের মত এবার পরিষ্কার না। বেশ নোংরা। যেন অনেকদিন কাচা হয়নি। এসে হরিকে ডাকলেন। হরি না করতে পারলো না। কালীমাতা ভোজনালয়ের খাবার বেশ ভালো। হরি ভরপেটের উপর-ও ভরে যেতে লাগল। হরি যদি স্কুলে পড়ত কোনদিন জানত একে রসায়নে বলে super saturated. অবিনাশবাবু বললেন -- "পেট ভরেছে তো?"

হোটেল থেকে বেরিয়ে অবিনাশবাবুকে বিদায় জানিয়ে হরি দু পা হাঁটতে গিয়ে উল্টে পড়ল। ঐ অবস্থায় পড়ে আছে দেখে হরিকে পাড়ার ক্লাবের ছেলেরা হাসপাতালে নিয়ে গেল ভ্যানে করে। সেদিন হাসপাতালে আরো একজন ভর্তি হলেন। অবিনাশবাবু। বিকেল বেলা অবিনাশবাবুর মৃত্যুর পর হাসপাতালের দুই ডাক্তারকে নিজেদের মধ্যে বলতে শোনা গেল --

"বুড়োটা কেন মরল জানো? তিনদিন কিছু খায়নি। শুনেছি নাকি হাতে একদম পয়সা ছিল না।" 

Friday, October 18, 2019

শীতের বিকেল

ডালাস শহরে হাল্কা ঠাণ্ডা পড়েছে। আজ বিকেলে ডিপার্টমেন্ট থেকে বাড়ির দিকে রওয়ানা দিচ্ছি, এমন সময় চোখে পড়ল সামনের গাছের উপর বিকেলের সূর্যর আলো। সবুজ পাতার উপর এক সোনালি রং। মনে পড়ে গেল আমার ছোটবেলার স্কুল জীবনের কথা। তারাবাগ বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরতাম তারাবাগ মাঠের উপর দিয়ে। সে জায়গাটা হেঁটে হেঁটে এক মেঠো পথে পরিণত হয়েছিল। শীতের দিনে বাড়ি ফেরার সময় চোখ থাকত ঐ গাছগুলির উপরে। যতক্ষণ আলো, ততক্ষণ খেলা হবে। ৫ ওভার, বা ৩ ওভারের দুটো ম্যাচ খেলা হত। কখনো লোক কম হলে ওয়ান ড্রপ ওয়ান হ্যান্ড। মনে আছে বাড়ি ফিরলেই মা কানে হাত দিয়ে বলত -- "কানটা ঠাণ্ডা, একটু আগে আসতে পারিস না?"

গেন্সভিলে যখন পড়তে যাই, তখনো শীতের বিকেল এক আলাদা আমেজ আনত। একেই গেন্সভিল প্রায় আমার দ্বিতীয় বাড়ি। মনে পড়ে গত বছর এক কাজে ওহায়োর এক শহরে গেছি। দেখি এক জায়গায় লেখা I-75. ম্যাপ খুলে দেখি এই সেই রাস্তা যা সোজা গেন্সভিল গেছে। কতবার গেন্সভিল থেকে অন্য কোথাও যেতে গেলে এই রাস্তা ধরে যেতাম। আজ সেই রাস্তাকে এত দূরে দেখে মনে হল যেন বাড়ি ফেরার রাস্তা দেখছি। যাই হোক, গেন্সভিলে যখন ল্যাব থেকে বিকেলে বাড়ি ফিরতাম, তখনো এই গাছের পাতায় শেষ বিকেলের আলো দেখে মনে পড়ত তারাবাগের কথা। হাল্কা শীতে ঠোঁট ফাটে, একটু বেশি ঘুম পায়। আমাদের ডিপার্টমেন্টের পাশেই ছিল সেঞ্চুরি টাওয়ার। টাওয়ারের গাইয়ে সেই আলো পড়ত। পাশেই ছিল মিউজিক ডিপার্টমেন্ট। সেখানকার ছাত্রদের গানের প্র্যাকটিসের সময় তখন। পাতা ঝরানো সেই বিকেলে, ঐ গানের তালে, ঐ আলোর খেলায় বার বার বাড়ির জন্য মন খারাপ করত। আর কোনদিন কি তারাবাগের মাঠে খেলতে পারব?

আজও করল।


Friday, September 20, 2019

বিবর্তন

রামহরিপুর বাজারের "মা কালী মেডিকো"-র মালিক জীবনবাবু। মালিক বলতে ভাববেন না তাঁর নিজের বানানো ব্যবসা। দোকানটি আদপে জীবনবাবুর বাবা শ্যামল সেনগুপ্তর। বাবা মারা যাওয়ার পর থেকে দোকানের ভার জীবনবাবুর। তা দোকান মন্দ চলে না। এই অঞ্চলে সবচেয়ে নামকরা ওষুধের দোকান ঐটি। জীবনবাবু রোজ সকাল আটটার মধ্যে এসে দোকান খুলে দেন। দুপুরে ঘণ্টা খানেকের জন্য বাড়ি যান আহার করতে। আবার সন্ধ্যে সাত্টা বাজলেই দোকানের ঝাঁপ ফেলেন। তাঁর বাড়ি কাছেই। সাইকেলে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যান। বাড়ি ফিরে সন্ধ্যে সাতটার খবরের খেলার অংশটুকু শুনতে পান। জীবনবাবুর সাদামাটা জীবন। এটি সাদামাটা যে রাতে স্বপ্নও দেখেন না।

একদম নিপাট ভালোমানুষ বলতে যা বোঝায় জীবনবাবু তাই। কারুর সঙ্গে ঝগড়া করেন না। কেউ খারাপ কথা বললে বা অপমান করলেও "থাক কী হবে ঝগড়া করে" ভেবে চুপ করে থাকেন। এমনকি হাতে কোন মশা এলেও তাকে না মেরে ফু দিয়ে ওড়ানোর চেষ্টা করেন। তাঁর স্ত্রী দীপা কিন্তু তাঁর এই চুপচাপ থাকা একেবারেই ভালোভাবে নেন না। হরদম বাড়িতেও কথা শুনতে হয় জীবনবাবুকে। তিনি যে অপদার্থ, তাঁর যে শিরদাঁড়া নেই,  তিনি ভিতু একথা শুনে শুনে কান পচে গেল। সোজা কথায় তাঁদের দাম্পত্য জীবন খুব একটা সুখের না। তাই সই।

জীবনবাবুর জীবন হয়ত এভাবেই চলত যদি না সেদিন ভোলা ঐ মশাটাকে মারত। ভোলা দোকানে কর্মচারী। তখন সবে সন্ধ্যা হবে হবে। ভোলা কচ্ছপ ধূপ জ্বালায়নি। একটি মশা এসে জীবনবাবুর হাতে বসল। জীবনবাবু হয়ত ফু দিতেন, কিন্তু তার আগেই ভোলা এসে এক থাপ্পড়ে মশাটাকে মেরে ফেলল। মশাটি বোধহয় প্রচুর রক্ত খেয়েছিল। বেশ খানিকটা রক্ত জীবনবাবুর হাতে লেগে রইল।

এরপর পর পর দশদিন জীবনবাবু রোজ একটি করে মশা মারলেন। রামহরিপুরে মশার অভাব নেই। কাজেই এটা অসম্ভব কিছু না। জীবনবাবুর প্রথম প্রথম মনে খিঁচ খিঁচ করত। আহা কেন মারলেন! মশাই তো। প্রাণ আছে। কিন্তু এর সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল যা জীবনবাবুর মন পাল্টে দিল। রোজ মশা মারার পর তাঁর জীবনে ভালো কিছু ঘটতে লাগল। যেমন একদিন তার মাসে সবচেয়ে বেশি বিক্রি হল। জীবনবাবু বহুদিন লটারির টিকিট কাটেন। কোনদিন কিছু জোটে না কপালে। একদিন খবর পেলেন তিনি লটারিতে একটা হাতঘড়ি জিতেছেন। প্রথম প্রথম জীবনবাবু বুঝতে পারেননি। আস্তে আস্তে বুঝলেন, অবাক হলেন আর মেনে নিলেন।

এর মধ্যে এক কেলেঙ্কারি হল। রামহরিপুরের এম এল এ-র ছেলের গাড়ির আঘাতে মুদির দোকানি বিমলের পা ভাঙল। এম এল এ ফিরেও তাকালেন না। তখন রমহরিপুর ব্যবসায়ী সঙ্ঘের সকলে মিলে এর প্রতিবাদে আন্দোলন করলেন। আজকাল জীবনবাবুর মনে সাহস বেড়েছে। তিনি আন্দোলনের পুরোভাগে ছিলেন। যদিও আন্দোলন করে বিমলের কোন লাভ হলনা। এম এল এ একই রকম নিঃস্পৃহ থাকলেন। ব্যবসায়ীরা আবার দোকান খুললেন। লাভ হল বিরোধীপক্ষের প্রধান শ্যামলবাবুর। পরের ইলেকশনে উনি রামহরিপুর থেকে জিতলেন।

ইদানীং পাড়ায় একটা বিড়ালের উৎপাত শুরু হয়েছে। রোজ ভোর রাতে বিড়ালটির চিৎকারে জীবনবাবুর ঘুম ভাঙ্গে। একদিন জীবনবাবু ঠিক করলেন এভাবে আর চলছে না। এর হেস্ত নেস্ত করতে হবে। ভোর রাতে এলার্ম দিয়ে ঘুম থেকে উঠলেন। তিনি আর দীপাদেবী আলাদা শোন বহুদিন থেকেই। কাজেই বাড়ির আর কেউ বুঝতেও পারলনা। ফ্রিজ থেকে এক টুকরো মাছ বের করলেন। কাল দোকান থেকে আনা শিশিটা পুরো খালি করে দিলেন। মাছ ভর্তি পাত্রটি রেখে এলেন বাড়ির বাইরে। আধ ঘণ্টা বাদে বাইরে এসে বিড়ালটির নিথর দেহ দেখে জীবনবাবুর মনে এক অদ্ভুত প্রশান্ত ভাব এল। জীবনবাবু একটি কালো থলেতে বিড়ালটিকে ভরে সাইকেলে করে রেল লাইনের ধারে বড় ডাস্টবিনে ফেলে দিয়ে এলেন। সাইকেল স্ট্যান্ড করে যখন বাড়ি ঢুকলেন তখনও সুর্য ওঠেনি।

সেদিন দুপুরে দোকানে বসে আছেন জীবনবাবু। এই খানিকক্ষণ আগে খেয়ে এসেছেন। দোকানের ফোন বেজে উঠল।

"জীবনবাবু, ভালো আছেন? আমি শ্যামল চক্রবর্তী বলছি।"
"হ্যাঁ এম এল এ সাহেব, বলুন।"
"তেমন কিছু না, ঐ এবারের ব্যাবসায়ী সঙ্ঘের সভাপতি হিসেবে আমাদের পার্টি কিন্তু আপনাকেই ভাবছে।"
"আমি?"
"কেন নয়? যেভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আমরা মনে করি আগামী দিনে আপনি আমাদের পার্টির একজন নামকরা নেতা হতে পারবেন। না করবেন না প্লিজ।"

সভাপতি হওয়ার পর ধীরে ধীরে পার্টি অফিসে যাতায়াত বাড়ল জীবনবাবুর। অবস্থাও ভালো হতে শুরু করল। বাড়িটা তিনতলা করলেন। একটা মারুতি গাড়িও কিনলেন। যা মনে হচ্ছে সামনের বছর মিউনিসিপালটি নির্বাচনে তিনি প্রার্থী হলেও হতে পারেন। কিন্তু এর সঙ্গে পালটালো জীবনবাবুর জীবনযাপন। মদটা কোনদিন খেতেন না। আজকাল প্রায়ই শ্যামালবাবুর সঙ্গে সুরাপান করেন। পার্টির আর এক নেত্রী কমলিকাদেবীর সঞেও জীবনবাবুর ঘনিস্টতা বাড়ল। দুর্জনে নানান কথা বলতে লাগল। কিছু সত্যি, কিছু সত্যি হলে হয়ত ভালোই লাগত জীবনবাবুর।

এর মধ্যে এক সন্ধ্যায় জীবনবাবুকে একা ঘরে কিছু বললেন কমলিকাদেবী। জীবনবাবু উত্তর দিলেন -- "দেখি।"

এক সপ্তাহ বাদে গাড়ি করে বাপের বাড়ি শিউড়ি যাওয়ার পথে এক্সিডেন্টে প্রাণ হারালেন দীপাদেবী। দুর্জনে অনেক কিছু বললেও সুজনে বলল -- "জীবনবাবুর মত মানুষ হয়না। স্ত্রীকে কি ভালোবাসতেন ভাবো। কান্নায় ভেঙ্গে পড়া মানুষটা কিন্তু সবার কথা ভাবেন। ড্রাইভারের ছেলের সারা জীবনের লেখাপড়ার দায়িত্ব নিলেন। কজন হয় এরকম?"

সেদিন রাত্রে আবার ফোন এল শ্যামলবাবুর। মিউনিসিপালটি নির্বাচনে জীবনবাবু প্রার্থী। রাতে শুয়ে একটু অস্বস্তি লাগছিল জীবনবাবুর। আলাদা শুলেও বাড়িতে একটা লোক তো ছিল। আজ তিনি একা। অবশ্য এটা হয়ত সাময়িক।

সেদিন রাতে স্বপ্ন দেখলেন জীবনবাবু। স্বপ্নে দেখলেন মিউনিসিপালটির দরজার কাছে একটা মস্ত ডাস্টবিন। তার মধ্যে থেকে একটি বেড়াল তাঁর দিকে তাকিয়ে হাসছে। হেসেই চলেছে। হেসেই চলেছে।




Monday, August 19, 2019

সান ফ্রান্সিস্কো

অফিসের কাজে সান ফ্রান্সিস্কো এসেছি। চমৎকার শহর।  এক সঙ্গে পাহাড়, সমুদ্র, সবই আছে। যদিও  গরমকাল, একটু  একটু হাল্কা ঠাণ্ডা হাওয়া দিচ্ছে। একটা ছাই  রঙের হুডি কিনে নিলাম। হোটেলে চেক ইন করেই বেড়িয়ে পড়েছি। পিয়ার ৩৯-এর দিকে হাঁটছি, এমন সময় এক বুড়ো ধরল আমাকে রাস্তায়।

"ম্যাজিক না দেখতে চাইলে  একটা ডলার দাও।"

এতো ভারী মজা। লোকে ম্যাজিক দেখিয়ে টাকা চায়।  এ ম্যাজিক না দেখিয়ে টাকা চাইছে?

"খুচরো নেই।"

এই অবস্থায় আমার প্রিয় ডায়লগটা আউড়ে নিলাম।

"বেশ তবে ম্যাজিক দেখ।"

বলে হাসতে হাসতে চলে গেল লোকটা। কোথায় ম্যাজিক? কিছুই দেখাল না। অদ্ভুত তো। যাকগে। আমি হাঁটতে  লাগলাম। পিয়ার ৩৯-এ পৌঁছে একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইলাম। এখন সূর্যাস্ত হতে চলেছে। সেই আলোয় আলোকিত গোল্ডেন গেট ব্রিজ এক অপরূপ মায়াবী চিত্র উপহার দিচ্ছে। এই  দৃশ্য যেন ম্যাজিক।  আর সামনে দাঁড়িয়ে সেই আল্কাট্রাজ দ্বীপ। যেখান থেকে কোন কয়েদী পালাতে পারত না। সূর্যাস্ত  দেখে একটা ক্রেপের দোকান থেকে ডিম ও বেকন দেওয়া ক্রেপ খেলাম।

এবার হেঁটে চললাম আমার হোটেলের দিকে। কাল  সকালে অফিসে কাজ আছে। রাতে একটু পড়াশুনো করব। আমার হোটেলের নাম হোটেল  প্যাসিফিক  ওয়ে। হোটেলে ঢুকতে গিয়ে পকেটে হাট দিয়ে বুঝলাম ঘরের চাবি ঘরেই ফেলে এসেছি।  নিজের মনের ভুলে নিজেরই হাসি পেল। যাই রিসেপ্সনে বলি। ভাগ্যিস পাসপোর্টটা পকেটে আছে। রিসেপসনে বলতেই ছেলেটি এক গাল হেসে বলল  --

"সার্টেনলি স্যার। আপনার নাম আর রুম নাম্বারটা বলুন?"
"নাম প্রকাশ সেনগুপ্ত। রুম নাম্বার ৪৬৭।"
"না স্যার আপনার কিছু ভুল হচ্ছে। আমাদের হোটেলে ৪৬৭ নম্বর রুম নেই। প্রত্যেকটি ফ্লোরে ৫০টি করে ঘর।"
"আমার স্পষ্ট মনে আছে ৪৬৭।"
"স্যার, আপনি ভুল হোটেলে আসেননি তো?"
"না। এটা হোটেল প্যাসিফিক ওয়ে তো?"
"হ্যাঁ স্যার। আচ্ছা আপনার নামটা আবার বলুন।"
"প্রকাশ সেনগুপ্ত।"
"না স্যার, ঐ নামে আমাদের কোন গেস্ট নেই আজকে। আপনার স্যার হোটেল  ভুল হয়েছে। "
"কী যা তা বলছেন!! বলছি আমি এই ঘণ্টা খানেক আগেই এখানে চেক ইন করেছি। আমার  পাসপোর্ট আপনারা ফটোকপি করে রাখলেন"
"না স্যার,  আমাদের ডিরেক্টরি তে কিচ্ছু দেখাচ্ছে না। আচ্ছা, এক কাজ করুন, আপনার  পাসপোর্টটা একবার দেবেন? হয়ত আমি নামের বানান ভুল লিখছি।"
"হ্যাঁ এই নিন।"
"থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ স্যার, এবার পেয়েছি। আপনার রুম নাম্বার ২৩১। এই নিন স্যার রুমের  চাবি। আর আপনার নাম প্রকাশ সেনগুপ্ত বললেন কেন? আপনার নাম তো সুজয় সেন।"
"কী বলছেন!!! আমার নাম আমি ভুল বলব?"
"আপনার পাসপোর্ট দেখুন স্যার। গুড নাইট স্যার। ড্রিঙ্ক রেসপন্সিব্লি।"

পাসপোর্ট দেখে চক্ষু চড়কগাছ।  তাই তো। আমার পাসপোর্টে আমার নাম সুজয় সেন।  ছবিটাও আমার না। কিন্তু ততক্ষণে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে ঘরে এলাম। না এই ঘর আমার  চেনা না। ঘরের এক ধারে যা লাগেজ আছে সেগুলি আমি কোনদিন দেখিনি।  এক ছুটে বাথরুমে।  আলো  জ্বালিয়ে আয়নায় তাকালাম। হুবহু পাসপোর্টের চেহারা।

এক ডলার দিয়ে দিলেই হত।