Friday, February 26, 2016

ভারতী

বছর দুয়েক আগে আমার বাড়ির কাজের মেয়ে ভাবিয়া একটি ১২-১৩ বছরের মেয়েকে নিয়ে এলো। আলাপ করালো, তার বোন ভারতী। ভারতী দাদা বৌদির সঙ্গে থাকতে এসেছে। রোগা, ছোট খাটো মেয়েটিকে দেখে মায়া হল। বাড়িতে একটু চকোলেট ছিল, তাই দিলাম। খুশি হয়ে আমাকে "থ্যাঙ্ক ইউ" বলল ভারতী। জানতে চাইলাম স্কুলে পড়ে কিনা। তাতে ভাঙ্গা হিন্দিতে জানাল ক্লাস ফোর পর্যন্ত পড়েছে। তারপর পড়েনি কেন জিজ্ঞেস করায় লজ্জা পেয়ে হেসে কি একটা বলল। দুর্ভাগ্যবশত আমি কন্নড় ভাষা জানি না, তাই, বুঝলামও না।
 ভাবিয়া আর ভারতীরা আমার বাড়ির নিচেই থাকত। ভারতী শুনলাম আমার বাড়িওয়ালার বাড়িতে কাজ করে। ভাবিয়ার কাছে জানতে চাইলাম ঐ টুকু মেয়েকে কেন কাজে দিল, তাতে এমন ভাবে হাসল যেন প্রশ্নটি করাই আমার মুর্খামি। ভারতী মাঝে মাঝেই আমার বাড়িতে আসত দিদিকে ডাকতে বা কিছু বলতে। হাতের সামনে বিস্কিট, লজেন্স, কিছু থাকলেই দিতাম। একদিন সকালে ভাবিয়া চলে যাওয়ার মিনিট ১০ -এক বাদে এলো। আমাকে বলল দিদি ডাকছে। নিচে যেতে গেলে হেসে উঠে বলল "ভাইয়া, এপ্রিল ফুল।" বলেই জিভ কেটে নিয়ে বলল "সরি ভাইয়া।" ভীষণ অবাক হলাম। আমিও হেসে ফেললাম।
  মাস ৩ এক বাদে ভাবিয়া এসে জানাল কিছু টাকা লাগবে, ভারতীর নাকি বিয়ে।  চমকে জিজ্ঞেস করলাম কত বয়েস ভারতীর। জানতে পারলাম মাত্র ১৪। কেন এত অল্প বয়েসে বিয়ে জানতে চাইলে এবার ভাবিয়া বেশ বিরক্ত হল। আবার কিছু বলল কন্নড়ে যা আমি বুঝলাম না। যা বুঝলাম তা হল কেন ভারতী স্কুল ছেড়েছিল, আর কেনই বা দিদির কাছে এসে ছিল। তখনকার মত টাকা দিয়ে ভাবিয়া কে বিদায় দিলাম। এক বছর বাদে ভারতী আবার ফিরে এল, এবার স্বামীর সঙ্গে। তার স্বামী শুনলাম পাড়ার সুপারমার্কেটে নিরাপত্তাকর্মীর চাকরি পেয়েছে। ভারতী এবার পুরোদমে কাজে লেগে গেল আশেপাশের দু- তিনটে বাড়িতে। দেখা হতে লাগল আবার। একই রকম হাসিখুশি, যেন তেমন পাল্টায়নি তার জীবন। আমি ভেবে অবাক হতাম যে বয়েসে আমি সাইকেল করে টিউশান পড়তে যেতাম, সে বয়েসে ভারতী কি সুন্দর সংসার করছে।
  কয়েক মাস আগে ভাবিয়া জানাল ভারতী গর্ভবতী। আস্তে আস্তে ভারতী কাজ করা বন্ধ করল। নিচেই থাকত। আমি অফিস যাওয়ার সময় দেখা হত। দিদি, জামাইবাবু, স্বামী সবাই কাজে চলে গেছে। ভারতী একা ঘরে রান্না করছে। আমাকে দেখে হেসে "বাই ভাইয়া" বলত। গত শনিবার থেকে দেখে ভাবিয়াদের বাড়ী বন্ধ। ভাবিয়াও কাজে আসে না। বাড়িওয়ালার কাছে গিয়ে জানলাম, ভারতীর সন্তান প্রসবের জন্য সবাই হাসপাতালে। তাই বলে সাতদিন? বেশ অবাক হয়েছিলাম। আজ বিকেলে পাশের বাড়ীর মহিলা জানালেন ভারতী আমাদের ছেড়ে চলে গেছে। রক্তের সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তারবাবু রক্ত দিলেও তা নিতে পারেনি ভারতী। সন্তান প্রসবের আগেই এই জগতের মায়া ত্যাগ করে।
   খবরটা পাওয়া আর এই লেখাটার মাঝের সময়টা বেশ একটা অদ্ভুত মনের অবস্থার মধ্যে দিয়ে গেলাম। একদিকে ভীষণ দুঃখ লাগছিল। অন্যদিকে মনে হচ্ছিল, এই আমরা আজ যখন পুরো সময় লড়ে চলেছি, স্বাধীনতার পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ধর্মের পক্ষে, ভাবাদর্শের পক্ষে; এই লড়াই যেখানে আমরা কে ঠিক, কে ভুল সেই নিয়ে লড়ে যাই; এই ভারতের ভারতীরা বার বার চোখে আঙুল দিয়ে দেখায় আমাদের এই লড়াই কতটা প্রহসন; আমরা আসলে সবাই ভুল।

Thursday, February 11, 2016

সরস্বতী পুজো

বাঙালীর বড় প্রিয় উৎসব সরস্বতী পুজো। আমার ব্যক্তিগত ধারণা এই পুজোর জন্য টিন-এজাররা যতটা আগ্রহ ভরে থাকে, আর কারুর বোধহয় তেমন উৎসাহ থাকে না, পুরুতমশাই বাদে। প্রথম শাড়ী, হয়ত বা মায়ের শাড়ী, কিন্তু প্রথমবার শাড়ী পরে যেন নিজেকে বড় বড় লাগে। নতুন কেনা রঙ-চঙে পাঞ্জাবী বা পুজোর সময় কেনা পাঞ্জাবীটা কেচে পরিষ্কার করে নতুন করে তোলা হয়েছে। প্রতিবার-ই মায়ের সঙ্গে ঝগড়া লাগে পাঞ্জাবীর সঙ্গে জিন্স না পাজামা নিয়ে। সকাল সকাল অঞ্জলী দেওয়া, কুল খাওয়া আর সামনে পরীক্ষা থাকলেও এই দিনে পড়াশোনার ছুটি।
 
  আমার পুজো কিন্তু আলাদা ছিল। খুব ছোটবেলা, মানে আট বছর বয়স থেকেই নাস্তিক বলে অঞ্জলী দিইনি। তাই আমার এই গল্প আরো আগের। তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। ১৯৯১ সাল। আমরা তারাবাগে তিন বার ফ্ল্যাট পাল্টেছিলাম। এটা প্রথম পাল্টানোর পরের গল্প। এক বছরের জন্য আমরা এসেছিলাম এফ-৬ ফ্ল্যাটে ( যারা জানেন না, তারাবাগের ফ্ল্যাটের নামকরণ নিয়ে আমি পরে লিখব; আপাতত মেনে নিন)। ১৯৯১ থেকে ১৯৯২ অবধি আমরা ছিলাম ঐ ফ্ল্যাটটিতে। তিনতলায় ফ্ল্যাট, ওঠা নামা অসুবিধের, তাই এক বছরের মধ্যে একটা দোতলার ফ্ল্যাট পেয়ে যাওয়ায় বাবা এফ-৬ ছেড়ে দিলেন। তারাবাগের ফ্ল্যাট বাড়ি গুলোয় এক এক তলায় দুটি করে ফ্ল্যাট। আমাদের প্রতিবেশী ছিলেন ইতিহাসের অধ্যাপক ভাস্কর চ্যাটার্জি। জেঠু জেঠিমা ছাড়াও থাকতেন ওনাদের তিন ছেলে মেয়ে। বড় মুনমুনদি ( বর্ধমান পৌর বালিকা বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা), মেজ তাতুনদি ( বর্ধমান হরিসভা বালিকা বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষিকা) এবং ছোট তাতাইদা ( শান্তিনিকেনের পি এইচ ডি ছাত্র)। আমাদের ঠিক নিচের ফ্ল্যাট মানে এফ-৪ এ থাকতেন অর্থনীতির অধ্যাপক আসিত ব্যানার্জি। তিনি ও তাঁর গিন্নী ( কৃষ্ণা জেঠিমা) ছাড়া ছিলেন তাঁর দুই ছেলে শান্তুদা আর অন্তুদা। অন্তুদা বর্তমানে ইউনিভার্সিটি অফ মিনেসোটার অধ্যাপক। আসিত জেঠুদের নিচের ফ্ল্যাটে থাকতেন সংস্কৃতের অধ্যাপক পন্ডিতমশাই ( দুর্ভাগ্যক্রমে ওনার আসল নামটা ভুলে গেছি। সবাই ওনাকে ঐ নামেই ডাকত।) পন্ডিতমশায়ের এক মেয়ে সুষমাদি। বাকি ফ্ল্যাটগুলি খালি ছিল।

   আলাপ পরিচয় পর্ব হল। এবার সরস্বতী পুজোয় ফেরা যাক। পুজোটা হত ভাস্কর জেঠুদের বাড়ি। মূলত জেঠিমার উদ্যোগেই পুজো। পূজোর দিন আমার মা আর কৃষ্ণা জেঠিমা সকাল সকাল ভাস্কর জেঠুদের বাড়ি গিয়ে পুজোর জোগাড় করতেন। পুজো করতেন পন্ডিতমশাই। পন্ডিতমশায়ের স্ত্রী আর সুষমাদিও সকাল বেলাই পৌঁছে যেতেন। মুনমুনদি আর তাতুনদিকেও দেখা যেত পুজোর যোগাড় করতে। তাতাইদা শান্তিনিকেতন থেকে আসত না পুজোর জন্য। বাবা নাস্তিক বলে কেউ ডাকতও না। বাবার কাজ ছিল আমাকে ৮টার মধ্যে ঘুম থেকে তুলে তৈরী করে জেঠুদের বাড়ি পাঠানো পুজোর জন্য। অসিত জেঠুও একটু বেলা করে আসতেন। শান্তুদা গুড বয়। সকাল সকাল স্নান করে হাজির অঞ্জলী দিতে। অন্তুদা তখন যাদবপুরে পড়ে। ৯ টা নাগাদ উশকো খুসকো চুলে কোনরকমে একটা পাঞ্জাবী গলিয়ে হাজির হত। চোখ লাল, সবে ঘুম থেকে উঠেছে বা তাও ওঠেনি। অতঃপর জেঠিমার সঙ্গে অন্তুদার এর'ম একটা বার্তালাপ প্রতিবার হতঃ

"অন্তু, স্নান করেছিস?"
"না তো জেঠিমা, এই উঠলাম ঘুম থেকে।"
কৃষ্ণা জেঠিমা -- "দেখুন না, কতবার বলি..."
"দাঁতটা মেজেছিস তো?"
"না জেঠিমা..."
"দেখুন না, কতবার বলি..."
"যা, দাঁত মাজ। তাতুন, অন্তুকে পেস্টটা দে তো। আঙুল দিয়েই মাজ।"

এসব ব্যাপারে সবচেয়ে উদাসীন ছিলেন বাড়ির কর্তা ভাস্কর জেঠু। সকাল বেলা রোজকার মত খালি গায়ে বারান্দায় ব্যাম করতেন। অঞ্জলী দিতেন না। জেঠিমার শত রাগারাগির উত্তর ছিল একটাই -- "স্নান করিনি তো, অঞ্জলী দিলে ঠাকুর যদি রেগে যান! এমনি সরস্বতী দেবীর কৃপায় সংসার চালাই। আর ওনাকে রাগিয়ে কাজ নেই। আমি বরং বারান্দায় গিয়ে বসি।"


তবে আমার প্রিয় সময় ছিল পুজো শুরু হওয়ার আগে। জেঠু আমাকে ডেকে নিতেন বারান্দায়। দুই চেয়ারে পাশাপাশি বসতাম দুজনে। জেঠু আমাকে একের পর এক গল্প বলে যেতেন। আলেকজান্ডারের গল্প, ফা হিয়েনের গল্প, মার্কো পোলোর গল্প, আর আমি মন্ত্রমুগ্ধের মত শুনতাম। এখন মনে হয় আমার ভ্রমণের নেশা হয়ত তৈরী হয়েছে ঐ সরস্বতী পুজোর দিন এইসব গল্প শুনে। পুজোর প্রসাদ খাওয়ার পর অন্তুদা চলে যেত ঘুমোতে আর আমি আর জেঠু আবার শুরু করতাম আমাদের আড্ডা। দুপুরের খাওয়া অবধি চলত সেই গল্প। তখন আমাদের ইতিহাস পড়ানোই হত না। তাই জেঠুর এই গল্প গুলো যেন আমাকে এক রূপকথার জগতে নিয়ে যেত।


পরের বছর আমরা এফ-৬ থেকে চলে গেলাম। তাতুনদি, তাতাইদার বিয়ে দিয়ে জেঠিমাও আমাদের ছেড়ে চলে গেলেন বছর ১৫ আগে। মুনমুনদিও বিয়ে করল তারপর। জেঠুও অবসর নিয়ে তারাবাগ ছেড়ে চলে গেলেন।জেঠুর সঙ্গে শেষ দেখা বছর ৪-৫ আগে। আমি তখন আমেরিকা থেকে ফিরেছি ছুটি কাটাতে। খবর পেয়ে জেঠু আর মুনমুনদি সপরিবারে এসে হাজির। অনেক গল্পের মাঝে জেঠু আমাকে বললেন -- "বড় হয়েছিস, পারলে পোল্যান্ড যা। ওখানকার কন্সেন্ট্রেশন ক্যাম্প গুলো শুনেছি দেখা যায়। দেখে আয়।"

গত বছর আমার পোল্যান্ড ভ্রমণ মূলত জেঠুর উপদেশ মেনেই। ভেবেছিলাম ফিরে এসে জেঠুকে ছবি দেখাব ওখানকার। সময়ের অভাবে জেঠুর সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। কাল মায়ের কাছে শুনলাম জেঠু খুব অসুস্থ। ভেন্টিলেশনে আছেন। আশা করি জেঠু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, পরেরবার বর্ধমান গেলে আবার আড্ডা বসবে, আবার পথ চলা শুরু হবে মার্কো পোলোর।



Tuesday, February 9, 2016

এক হপ্তা পরে

"কি বলল ডাক্তারবাবু?"
"খুব বেশি হলে আর এক সপ্তাহ।"
"মেসোমশাই এখন কথা বলতে পারছেন?"
"ধুর, চোখই খুলছে না সেভাবে, কথা বলা।"
"হুম। ধরা পড়েছিল যেন কবে? দু বছর আগে, তাই না?"
"হ্যাঁ, প্রায় আড়াই। ডাক্তারবাবু সেটাই বলছিলেন, উনি দেখেননি কাউকে এত দিন টিকে থাকতে। যাকগে, ছাদে চল।"
"চল।"
"একটা ফ্লেক দে তো।"
"এই নে।"
"আর এক সপ্তাহ..."
"দেখ যদি কোনভাবে..."
"সান্ত্বনা দিস না। জানিস, বাবা চলে গেলে কোন জিনিসটা সবচেয়ে মিস করব?"
"এটা বোধহয় জানি। তোকে তো গত কুড়ি বছর ধরে দেখছি। ঐ তুই ক্লান্ত থাকলে মেসোমশাই এসে তোর মাথায় হাত বুলিয়ে দিতেন। মনে আছে সেই স্কুলে পড়তে ক্রিকেট খেলে এসে তুই সোফায় পড়ে হাঁপাতিস, আর মেসোমশাই তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি সামনে ছিলাম বলে তুই লজ্জা পেয়ে গেছিলি। বারণ করলি ওনাকে। এ ছাড়াও বহুবার দেখেছি; মনে আছে সেই পুরী বেড়াতে গিয়ে..."
"থাম, ওটা না। আমি সবচেয়ে মিস করব বাবার ওপর চেঁচানোটা।"
"চেঁচানো?"
"হ্যাঁ, যখনই বাবা কিছু ভুল করত, কিছু পারত না, আমি ভীষণ চেঁচাতাম। ঝগড়া বলব না, কারণ বাবা কদাচিৎ চেঁচাত। আমিই রেগে যেতাম। সবচেয়ে হাস্যকর কি জানিস? অনেক সময় আমার নিজের ভুল, বাবার নামে দোষ দিয়ে চেঁচাতাম। যেন তাতে একটা সান্ত্বনা পাওয়া যেত যে আমি কোন ভুল করিনি। আশ্চর্যজনক ভাবে বাবাও যেন সেগুলো মেনে নিত, যে দোষটা বাবারই। লোকে বলে না মাথার ওপর একটা ছাদ সরে যায়; এখন বুঝছি, নিজের ভুলের হিসেব নিজেকেই দিতে হবে রে, কাউকে আর দায়ী করতে পারব না।"




Sunday, February 7, 2016

সুমিতের স্বপ্ন

সুমিতের সঙ্গে আমার বন্ধুত্ব ক্লাস সিক্স থেকে। সেই যে স্যার সেবছর আমাকে আর সুমিতকে পাশাপাশি বসতে বললেন, আর সারা বছর আমরা ক্লাসরুমের দ্বিতীয় সারির চতুর্থ বেঞ্চে বসলাম। সুমিতকে বয়সের তুলনায় একটু বড়ই লাগত। অন্তত আমার থেকে তো বড়ই। তখন সবে সাইকেল চালানো শিখেছি। মফস্বলের ছেলেদের কাছে এ এক অন্য স্বাধীনতা। তবু স্কুলে সাইকেলে করে আসার অনুমতি পাওয়া যায়নি। ছোটকার বাইকের পেছনে চেপে স্কুলে আসতে হত। সুমিত কিন্তু সেই বয়সেই নিজে সাইকেল করে স্কুলে আসত। হিংসা করতাম ওকে। আমি অনুমতি পেয়েছিলাম পাক্কা এক বছর বাদে, যখন আমি ক্লাস সেভেন-এ । তাও তো আমাকে ছোটকা নিজে হাতে ধরে সাইকেল চালাতে শিখিয়েছে; সুমিত নিজে নিজেই হাফ প্যাডেল মারতে মারতে শিখেছে। একদিন ক্লাস শুরু হওয়ার আগে বলে, "জানিস, কাল আমি সাইকেল চালিয়ে গাংপুর গেছি।"
   আমাদের বর্ধমানের পরের স্টেশন গাংপুর। তেমন কিছু দূর নয় হয়ত। কিন্তু একটা ক্লাস সিক্সের ছেলে একা একা সাইকেল চালিয়ে সেখানে যাওয়াটা আমার কাছে তার আগের বছর কলকাতায় গিয়ে দেখা "হোম এলোন" সিনেমার সেই ছেলেটার চেয়ে কম অ্যাডভেঞ্চার কিছু মনে হয়নি। খালি ভাবতাম কবে আমিও সাইকেল চালিয়ে গাংপুর যাবো। দুঃখের কথা, আজও সে সাধ অপূর্ণ রয়ে গেছে। সুমিতের যে কথাটা প্রায়ই মনে পড়ে ওর বড় হওয়ার স্বপ্ন। "বড় হয়ে কী হতে চাস?" জিজ্ঞেস করলেই সুমিতের জবাব ছিল, "আমি ট্রেন চালাতে চাই।"
"ট্রেন চালাবি?"
"হ্যাঁ, ট্রেন চালাব। মজা না? ট্রেন চালিয়ে সারা দেশটা ঘুরব। দিল্লী, বম্বে, ম্যাড্রাস, সব যাব। আর তুই কি চাস আগে বল?"
"কাউকে বলবি না তো?"
"না, মা কালীর দিব্যি। বল।"
"আমি মহাকাশচারী হব।"
"রাকেশ শর্মার মত?"
"না, নীল আর্মস্ট্রং-এর মত। উনি যেমন প্রথম মানুষ চাঁদে গেছিলেন, আমিও মঙ্গল গ্রহে পা রাখা প্রথম মানুষ হব। কাউকে বলবি না কিন্তু।"
"আরে না না, বলব না বলছি তো।"
"তুই কি ট্রেন চালাবি? আমাদের কর্ড লাইন সুপার?"
"ফু, আমি তুফান মেল চালাব। পূর্বা চালাব, কালকা চালাব।"
"রাজধানী এক্সপ্রেস চালাবি না।"
"না, ওটা বাজে ট্রেন।"
"সে কি রে? রাজধানী তো সবচেয়ে জোরে চলে।"
"চলুক, যে ট্রেন আমার বর্ধমানে থামে না, সেটা বাজে ট্রেন।"


এরপর একদিন ক্লাস সিক্স শেষ হয়ে সেভেনে পা দিলাম আমরা। সুমিত নয়, আমার পাশে বসল ধীমান। ক্লাস টুয়েলভ পর্যন্ত ধীমান আমার পাশেই বসত। অন্যান্য বন্ধুদের মাঝে সুমিত যেন কোথায় হারিয়ে গেল। আসলে আমাদের অনেক ফারাক। সুমিত আমার মত ক্রিকেট খেলতে বা ফেলুদা পড়তে ভালবাসত না। আমি, ধীমান, তন্ময়, দেবাঞ্জনরা যখন মিত্তিরদের মাঠে চুটিয়ে ক্রিকেট খেলছি, বা খেলা শেষে অপ্সরা থিয়েটারের মামলা নিয়ে আলোচনা করছি, সুমিত হয়ত তখন রেল লাইনের পাশ দিয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে। তারপর একদিন আমিও বর্ধমানের পাট চুকিয়ে দিলাম। কলকাতা, কানপুর ঘুরে এই মার্কিন দেশে এসে থিতু হলাম। বাবার চাকরিও কলকাতার ব্যাঙ্কে। তাই নতুন ফ্ল্যাট কিনে বাবা মাও চলে এল লেকটাউনে। ছোটকাও বেশিদিন থাকল না বর্ধমানে। কাজের সূত্রে চলে গেল দিল্লী। শুধু রয়ে গেল মেজকা আর কাকিমণি। মেজকার মেয়ে পুতুলদিদির বিয়ে হল দুর্গাপুরে, তাই মেজকা শত অনুরোধেও বর্ধমান ছাড়ল না।
   আমার এই বহু বছর বাদে বর্ধমান আসার কারণটা কিন্তু আলাদা। রূপসার সঙ্গে বিচ্ছেদের পর আর ও দেশে থাকতে ইচ্ছে করল না। প্রথমে তো ভেবেছিলাম চাকরি বাকরি ছেড়ে দেব। কিন্তু আমার সহকর্মী প্রোফেসর গিবস বারণ করলেন। তাই আপাতত স্যাবাটিকাল নিয়ে ভারতবর্ষে। ভাবলাম অনেক বছর বর্ধমান যাইনা। তাই মা-বাবা-আমি তিন জন মিলেই এবার বর্ধমানে। মেজকা তো ভীষণ খুশি। কাকিমণি রোজ নিত্য নতুন রান্না খাওয়াচ্ছে। একটা ভালো, এই বাড়িটা বিশাল। তাই মাঝে মাঝেই আমি তিনতলার কোন ঘরে একা একা থাকি। কেউ ডাকতেও আসে না। দেখছেন আবার বাজে বকছি, গল্পটা তো আমার একা থাকা নিয়ে নয়, গল্পটা তো সুমিতকে নিয়ে।
   সুমিতের সঙ্গে আমার আবার দেখা হল পরশু বিকেলে। বর্ধমান গত কয়েক বছরে এত পাল্টে যাবে আমি ভাবতেও পারিনি। আগে যেমন ছিল শুধুই সাইকেল রিক্সা, এখন পুরো শহরে টোটো ছেয়ে গেছে। টোটো এক ধরনের ব্যাটারি চালিত রিকশা। উঠলেই দশ টাকা ভাড়া, যতদূর খুশি যেতে পারেন। বর্ধমানে বিগ বাজার, ডমিনোজ পিতজা, আইনক্স সিনেমা সব হয়েছে দেখলাম। পুরনো সিনেমা হলগুলি প্রায় সব বন্ধ হয়ে গেছে। সেদিন আইনক্স থেকে একটা সিনেমা দেখে বেড়িয়ে ভাবলাম হেঁটেই বাড়ি ফিরি। সুন্দর হাওয়া দিচ্ছে, তেমন গরমও নেই। মিনিট দুয়েক হাঁটার পর একটা সাইকেল যেন ঘাড়ের কাছে এসে থামল।
"চিনতে পারছিস? তোকে আইনক্সের সামনেই দেখেছিলাম। ডাকলাম, শুনতে পারিসনি বোধহয়।"
চিনতে পারিনি। তবে সাইকেলটার দিকে চোখ যেতেই পারলাম।
"সুমিত না?"
"আরে, তুই চিনতে পেরেছিস। আমি সত্যি ভাবিনি পারবি?"
"তোর সাইকেল দেখে পারলাম। এখনও বদলাসনি?"
"নো স্যার, গত ২০ বছর ধরে সেই সাইকেল। অনেকবার সারাতে হয়েছে। চল, ওই চায়ের দোকানে গিয়ে বসি। তুই এখানকার চা খাস তো?"
"কেন খাব না? চল।"
"না তুই এখন বিদেশি মানুষ ভাই।"
"ধুর, চল, চা খাওয়া যাক। তুই কি এখনও সেই পুরনো বাড়িতেই আছিস, নার্স কোয়ার্টারের কাছে?"
"একদম। কতদিন আছিস, একদিন চলে আসিস। আমার গিন্নী, মেয়ের সাথে তোর আলাপ করিয়ে দেব।"
"তোর মেয়ে আছে? বাহ, কত বড়?"
"এই ৪ বছরের। তোর কি খবর? বিয়ে থা করিসনি?"
বুঝলাম সুমিত জানে না। ইচ্ছে করেই মিথ্যে কথা বললাম।
"নাহ করিনি।"
"কর কর, বুড়ো হয়ে গেলি তো? এই কৃষ্ণ, এদিকে দুটো স্পেশাল চা দে।"
"তা তুই কি চাকরি করছিস?"
"হ্যাঁ রে ভাই, আমার তো জানিস। রেলে আছি।"
"ওহ, কোন স্টেশনে? বর্ধমানেই?"
"আরে না রে ভাই, আমি ড্রাইভার। ট্রেন চালাই। মনে আছে তোকে বলতাম স্কুলে পড়তে। আজই তো সকালে দুন এক্সপ্রেস নিয়ে ফিরলাম। হে হে হে ... এই নে চা।"
গরম চা টা হাতে নিয়ে এক মুহূর্ত যেন থমকে দাঁড়ালাম। এই সুমিত, যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখত ট্রেন চালাবে, আজ নিজের স্বপ্ন সত্যি করেছে। আর আমি, আমি যেন সেই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া এক সাধারণ মানুষদের একজন, যারা কোন আরামের অবস্থান পেলেই নিজেদের স্বপ্ন ত্যাগ করতে দুবার ভাবে না, বা নিজেদের স্বপ্নটা পাল্টে ফেলে।

একবার চট করে আকাশের দিকে চোখ গেল। মঙ্গল গ্রহে এখনও মানুষের পা পড়েনি।

   

Friday, January 29, 2016

জাফর পানাহীকে

প্রাপক:
শ্রী জাফর পানাহী,
তেহরান, ইরান।

প্রিয় জাফরবাবু,

সালাম।
প্রথমেই বলি আমি কোন সিনেমার ছাত্র নই, কোন পেশাদারী চলচ্চিত্র সমলোচক বা সাংবাদিক ও নই। আমি নিতান্ত এক ছাপোষা চলচ্চিত্র প্রেমী। আপনার সিনেমার সঙ্গে প্রথম পরিচয় বছর ৫-৬ আগে। তখন আমি সবে পারস্য সিনেমা দেখা শুরু করেছি। মাজিদ মাজিদির "বাচ্চা-এ-আসমান" বা "রঙ্গ-এ-খোদা" দেখা শেষ হয়েছে। এক বন্ধুর কাছে শুনলাম আপনার সিনেমা "অফসাইড" এর নাম। ফুটবল নিয়ে সিনেমা। ইরানে নাকি মেয়েদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়া বারণ। ইরান-বাহরিন এর ফুটবল খেলায় কিছু মেয়ে খেলা দেখতে যায় ছেলে সেজে, এবং ধরা পরে, তাদের নিয়েই সিনেমা। দেখলাম সে সিনেমা। মন ছুঁয়ে গেল। তারপর একে একে দেখলাম "ওয়াইট বেলুন", "আয়না", "ক্রিমসন গোল্ড"। প্রতিটি সিনেমাই মুগ্ধ করে। একদিন শুনলাম আপনাকে নাকি ইরান সরকার আর সিনেমা করতে বারণ করেছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে আপনার ওপর। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর বহুদিন হয়ে গেছে। এর মধ্যে পারস্য দেশের অন্যান্য সিনেমা দেখার সৌভাগ্য হয়েছে। সমীরা মখমল্বাফের "আপেল" দেখে অবাক হয়ে ভেবেছি, একটি উনিশ বছরের মেয়ে কি করে এর'ম সিনেমা বানায়!! কিওরাস্তামির "উইন্ড উইল ক্যারি আস", মোহসেন মখমল্বাফের "কান্দাহার" দেখে বার বার ভেবেছি ইরানের মত একটা রক্ষণশীল সমাজে যদি এই সিনেমা তৈরী হয়, আমরা কেন পারি না?
  শুনেছিলাম নিষেধাজ্ঞার মধ্যেও নাকি আপনি আরও দু খানা সিনেমা বানিয়েছেন। দেখা হয়নি একটাও। কাল রাত্রে আপনার সাম্প্রতিকতম ছবি "ট্যাক্সি" দেখলাম। সেই কারণেই এই চিঠি। শুনেছি আপনার বাকি দুই সিনেমা নাকি গৃহবন্দি অবস্থায়, এই প্রথম নাকি আপনি বহিরদৃশ্য করলেন। সিনেমা দেখতে দেখতে যেন অনুভব করছিলাম কতটা কষ্ট, কতটা বেদনা দিয়েছে আপনাকে এই নিষেধাজ্ঞা। ছত্রে ছত্রে আপনি তার প্রমাণ দিয়ে গেছেন। এই সিনেমায় আপনি এক ট্যাক্সিচালক। ট্যাক্সির সহযাত্রীদের কথায় বার বার প্রকাশ পায় ইরানের সরকারের প্রতি আপনার তীব্র আক্রোশ। যে দেশে মেয়েদের জীবন মাছের জীবনের সঙ্গে তুলনীয়, যে দেশে অপরাধের তারতম্য না দেখেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়; সেই দেশ, সেই সমাজকে আপনি বার বার আক্রমণ করেছেন।
     একসময় ট্যাক্সিতে উঠেছে আপনার ভাগ্নি হানা ( ইংরেজিতে নিস লেখা, ভাইঝি বা ভাগ্নি দুইই হয়, আমি ভাগ্নি ধরলাম)। হানার স্কুলের প্রোজেক্ট একটি সিনেমা বানানো। কিন্তু স্কুলের শিক্ষক বলে দিয়েছেন কিরম সিনেমা বানাতে হবে। আর্থনৈতিক বা রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না, ছেলেদের টাই পরানো যাবে না, চরিত্রের নাম ধার্মিক নাম হতে হবে। একসময় গাড়ি চালাতে চালাতে সে সব আর শুনতে চাইলেন না আপনি, বিরক্ত হয়ে বাইরে তাকিয়ে রইলেন। আসলে এই শিক্ষক যে ইরান সরকার, যারা এই নিষেধাজ্ঞা আরোপ করে দেয় পরিচালকদের ওপর। কিছু পরে আপনার পুরনো সিনেমার অভিনেত্রী ও একিই অভিযোগ করেন। এবং হানাকে বলতে শোনা যায় "ওরা নিজেরাই তো দুঃখ তৈরি করে, তবে তা দেখাতে দেয় না কেন? আমি গুলিয়ে ফেলেছি কোনটা বাস্তব আর কোনটা কল্পনা।" ব্যাথা দেয় জাফরবাবু, হানার কথা আমাদেরও ব্যাথা দেয়। সিনেমার শেষে তো আপনি সেই কথাই বলেন, "সরকার মনে করে না আমার সিনেমা জনসাধারণকে দেখানোর যোগ্য।"
     এবার বলি সিনেমায় আমার প্রিয় দৃশ্যের কথা। আপনি ট্যাক্সিতে হানাকে রেখে বেড়িয়েছেন। হানা জানালা দিয়ে দেখে এক সদ্য বিবাহিত দম্পতি গাড়িতে উঠছে, এবং এক পেশাদারী ফোটোগ্রাফার হ্যান্ডিক্যাম দিয়ে তাদের ছবি তুলছে। হানা পুরো দৃশ্যটি নিজের স্কুলের প্রজেক্টের জন্য নিজের ছোট ক্যানন ক্যামেরাতে তুলে রাখছে। হঠাৎ দেখে একটি ছেলে কাঁধে এক বড় বস্তা নিয়ে সেখান দিয়ে যেতে গিয়ে রাস্তা থেকে একটি টাকা কুড়িয়ে নেয়। ঘটনাক্রমে টাকাটি খানিক্ষন আগেই বরের পকেট থেকে পরেছে। ছেলেটি এরপর যখন একটি ডাস্টবিন এর মধ্যে কাজের জিনিস খুঁজতে যায়, হানা তাকে ডাকে আর বলে টাকাটি ফেরত দিয়ে আসতে। তাহলে আত্মত্যাগের মত একটি দরকারি গুণ প্রকাশ পাবে, এবং এটি হানার সিনেমায় কাজে দেবে। হানা ছেলেটিকে নিজের সিনেমার নায়ক করারও প্রস্তাব দেয়। ছেলেটি বলে ওঠে -- "আত্মত্যাগ, দানধ্যান, এসব কি ফালতু জিনিস।" গায়ে কাঁটা দিয়ে ওঠে জাফরবাবু, খানিক্ষণের জন্য সিনেমাটা থামাই। অবশেষে ছেলেটি যখন রাজি হয় টাকাটি ফেরত দিতে, তখন ওই পেশাদারী ফোটোগ্রাফার তাকে সরিয়ে দিতে থাকে গাড়ির সামনে থেকে। কি অপূর্ব দৃশ্য। ফোটোগ্রাফারের বড় ক্যামেরাতে ধরা পড়ছে শুধুই দম্পতি, দূরে গাড়ির মধ্যে বসে ছোট ক্যামেরাতে হানা তুলে নিচ্ছে পুরো দৃশ্য। কার ক্যামেরা বড়, কার ছবি বড়। সারাজীবন ওই দৃশ্যটা ভুলতে পারব না জাফরবাবু।
     শুনলাম বার্লিন চলচ্চিত্র উৎসবে "গোল্ডেন বেয়ার" জেতার পর ট্যাক্সি সম্বন্ধে বিখ্যাত পরিচালক ড্যারেন আফ্রোন্সকি নাকি বলেছেন এই সিনেমা হচ্ছে প্রেমপত্র, এই শিল্প, সমাজ, দেশ, দর্শকের প্রতি আপনার প্রেমপত্র। আমার এই চিঠি হয়ত আপনার কাছে কোনদিন যাবে না, গেলেও হয়ত আপনি বাংলাভাষা বুঝবেন না। তা হোক, আপনি যে ভাষা বোঝেন, যে ভাষায় কথা বলেন, সেই সিনেমার ভাষা, সেই প্রেমের ভাষায় আমাদের মত দর্শকদের সঙ্গে কথা বলুন। আর আমরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনি।

ভালো থাকবেন। খুদা হাফিজ।

ইতি,

কণাদ




Friday, January 22, 2016

নেতাজী জয়ন্তী

- কোথায় চললি?
- এই তো আজ নেতাজী  জয়ন্তী, তাই ক্লাবের অনুষ্ঠানে। তুই?
- আমিও, চল, একসাথে যাওয়া যাক।
- ভালোই হল। আজ শুনেছিস প্রধানমন্ত্রীর অফিস থেকে নাকি নেতাজীর অন্তর্ধানের গোপন তথ্য পাওয়া যাবে?
- শুনলাম। দারুণ ব্যাপার। অনেকদিন আগেই এটা উচিত ছিল।
- একদম, কটা নাগাদ করবে জানিস?
- হবে বিকেলবেলা করে, সরকারি ব্যাপার ভাই।
- বিকেলে তো আবার ডার্বি।
- ডার্বি আবার কি? আবার ৪ গোল খাবি, যতবার ডার্বি, ততবার হারবি।
- যাহ যাহ, আগে একবার আই লিগটা জিতে দেখা বুঝলি। মোহনবাগান ভারতসেরা।
- তাতেও তো আমাদের কাছে ৪-৫ গোল খেয়ে থাকিস।
- ৫ গোল নিজের চোখে দেখেছিস বাবু? বাজে বকছিস। আমি দেখেছি।
- ৫-০ আর ৫-৩ এক হল? যত অশিক্ষিত ঘটি।
- কোথাকার শিক্ষিত বাঙ্গাল এলো রে? একবারও এই লিগ জেতার মুরোদ নেই, সেই কোন প্রাগৈতিহাসিক যুগে জাতীয় লিগ জিতেছে, এখন বাতেলা!!
- ভাগ শালা, তোর সাথে কোথাও যাবো না, তুই একাই ক্লাবে যা। তোর সঙ্গে নেতাজী জয়ন্তী পালন করলে নেতাজীর অপমান। বাড়ি যাই।
- আমারও বোয়ে গেছে তোর সাথে ক্লাবে যেতে, বাড়ি গেলাম। এক বাপের ব্যাটা হলে খেলা শেষের পর দেখা করিস।
- যা ভাগ
- দুর হ 

Saturday, January 16, 2016

থাপ্পড়

"স্যার ভালো আছেন?"
"আরে, কবে এলে? এস, এস, ভেতরে বস। আরে থাক থাক আর প্রণাম করতে হবে না।"
"পরশু রাত্রে এসেছি।"
"তোমার খবরটা পড়েছি কাগজে, বাড়িতে সবাইকে বলেছি দেখো এই ছেলেকে আমি নিজে হাতে অঙ্ক শিখিয়েছি, আজ সেই ছেলে অঙ্কে নোবেল মানে ফিল্ডস মেডেল পেয়েছে। তুমি তো বোধহয় প্রথম ভারতীয় তাই না? "
"না না স্যার, আমার আগে প্রফেসর ভারগভ পেয়েছিলেন ২০১৪-এ, আমি প্রথম বাঙ্গালি বলতে পারেন।"
"বেশ বেশ, ভাবা যায়, আমাদের এই স্কুলের ছেলে, সেই সাদা জামা, কালো প্যান্ট পড়ে স্কুলে আসতে সাইকেলে চেপে, সে আজ অঙ্কে নোবেল পেয়েছে। এই বিল্টু তোর মাকে বল চা করতে। "
"না না স্যার, চা লাগবে না।"
"আরে খাও খাও, শীতের দিন। তোমার সব খবর তো কাগজে পড়ি। সেদিন দেখি লিখেছে তোমার প্রিয় খাবার নাকি আলু পোস্ত। আমি তো শুনে হাসছি, আরে আমাদের বর্ধমানের ছেলে, তার প্রিয় খাবার আলু পোস্ত ছাড়া অন্য কিছু হতে পারে নাকি?"
"আপনার কি খবর স্যার, কাকিমা কেমন? আর কৌশিকদা?"
"তোমার কাকিমার বড় বাতের ব্যাথা, নড়তেই পারেনা তেমন। আমার চলছে। এখনও রোজ সকালে দু মাইল হাঁটি। কৌশিক স্টেট ব্যাঙ্কে চাকরি করে। এই তো বিল্টুওরই ছেলে, আমার একমাত্র নাতি। এবছর ক্লাস থ্রিতে উঠল। তা তোমার সঙ্গে বহুদিন বাদে দেখা হল। এত সকালে কি মনে করে?"
"ইয়ে স্যার আপনাকে একটা কথা বলার ছিল।"
"কি বলতো?"
"মনে আছে স্যার, ক্লাস নাইনে আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছিলেন?"
"মেরেছিলাম? মনে নেই তো। বয়স হচ্ছে তো। তা কেন মেরেছিলাম বলতো? তুমি তো ভালো ছেলে ছিলে? ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড বয়।"
"আমি একটা দ্বিঘাত সমীকরণ কষতে গিয়ে স্টেপ জাম্প করি, তাই। আপনি ভীষণ বকেছিলেন আর বলেছিলেন যেন কোনদিন আর স্টেপ জাম্প না করি। বিশ্বাস করুন, তারপর থেকে আর কোনদিন স্টেপ জাম্প করিনি। আই আই টি তে পড়তেও না, এম আই টি তে পড়তেও না, এখন যে হার্ভার্ড এ পড়াই, এখনও না। এমনকি যে কাজের জন্য এই ফিল্ডস মেডেলটা পেলাম, সেটা করতে গিয়েও না। যখনই স্টেপ জাম্প করার প্রলোভন জাগে, আপনার থাপ্পড়টা মনে পড়ে যায়।"